
শেষ আপডেট: 1 February 2023 14:22
দ্য ওয়াল ব্যুরো: উপকূল অঞ্চলকে (Mangrove Forest) আরও সবুজ করে তুলতে কেন্দ্রীয় বাজেটে 'মিষ্টি' প্রকল্পের কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman)। এই ঘোষণা আদতে বাংলারই জন্য বলে মনে করছেন অনেকে। কারণ মিষ্টি (MISHTI ) অর্থাৎ 'ম্যানগ্রোভ ইনিশিয়েটিভ ফর শোরলাইন হ্যাবিট্যাটস অ্যান্ড ট্যানজিবল ইনকামস' (Mangrove Initiative for Shoreline Habitats & Tangible Incomes) প্রকল্পে যে ম্যানগ্রোভ চাষের কথা বলা হয়েছে, পৃথিবীর সবচেয়ে বড় সেই ম্যানগ্রোভ অরণ্য রয়েছে এই বাংলার বুকেই। সুন্দরবন। নির্মলা সীতারমনের 'মিষ্টি' সেই সুন্দরবনকেই করে তুলবে আরও সবুজ, যাতে লাভবান হবে এ রাজ্যই।

গ্লোবাল ওয়ার্মিং-এর দাপটে আবহাওয়া ও জলবায়ুর বড়সড় পরিবর্তন দেখছে গোটা বিশ্ব। সুন্দরবনও ব্যতিক্রম নয়। গত কয়েক বছর ধরে একের পর এক সাইক্লোনের দাপটে ছিন্নভিন্ন হয়েছে জল-জঙ্গলের জীবন। এর বড় কারণ হিসেবে পরিবেশবিদরা জানিয়েছেন, ম্যানগ্রোভ অরণ্য কমে যাওয়া। এর ফলে যে শুধু ঘনঘন সাইক্লোন হচ্ছে তাই নয়, দ্রুত ভাঙছে সুন্দরবনের তটরেখাও। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যের এই অবক্ষয়ে বিপদের আঁচ দেখছে বাংলা তথা গোটা দেশ। এবার সেই দিকেই বিশেষ নজর দেওয়া হল বাজেটে।
কেন্দ্রীয় বাজেটের (Union Budget 2023) অন্যতম এক গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে জায়গা পেয়েছে সবুজ ও দূষণমুক্ত ভারত গড়ে তোলার বিষয়টি। সেই লক্ষ্যেই এবছর মোট ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ করে একগুচ্ছ প্রকল্পের ঘোষণা করলেন অর্থমন্ত্রী। ২০৭০ সালের মধ্যে পরিবেশে কার্বন নিঃসরণ বন্ধ করার পথে এগোনোর কথা জানিয়ে প্রথমেই ম্যানগ্রোভ অরণ্য বাড়ানোর জন্য ‘মিষ্টি’ প্রকল্পের ঘোষণা করেন অর্থমন্ত্রী।
পাশাপাশি, হাইড্রোজেন মিশনের জন্য বিরাট অঙ্কের বরাদ্দও ঘোষণা করেন অর্থমন্ত্রী। জীবাশ্ম জ্বালানির প্রতি নির্ভরতা থেকে বেরিয়ে এসে হাইড্রোজেন শক্তির সাহায্য নিতে হবে বলে জানান তিনি। কয়েক দিন আগেই যে ন্যাশনাল গ্রিন হাইড্রোজেন মিশন শুরু হয়েছে দেশে, সেই খাতে এদিন নির্মলা ঘোষণা করেন ১৯ হাজার ৭০০ কোটি টাকা।
এদিনের বাজেটে ২০৪৭ সালে স্বাধীনতার শতবর্ষ উপলক্ষে যে ‘সপ্ত ঋষি’ লক্ষ্যের কথা ঘোষণা করেন নির্মলা, তারই অন্যতম বলে উল্লেখ করা হয় সবুজ ভারত গড়ে তোলা। এই কারণেই দ্রুত গতিতে কমতে থাকা ম্যানগ্রোভ অরণ্যকে বাঁচিয়ে রাখা ও তার বিস্তার জরুরি বলে মনে করেছে কেন্দ্রীয় সরকার। পাশাপাশি, ঘণ্টায় ৪ হাজার মেগাওয়াট শক্তি সংরক্ষণ করতে পারা ব্যাটারি তৈরির প্রকল্পও ঘোষণা করা হয়। পুনর্ব্যবহারযোগ্য শক্তির উৎপাদন বাড়াতে একাধিক পাওয়ার গ্রিড তৈরি হবে। বৃক্ষরোপণের কাজে গতি আনতে শুরু হবে ‘গ্রিন ক্রেডিট’ প্রকল্প। গাড়ির দূষণ রোধে বাতিল হবে পুরনো গাড়ি।
ব্যক্তিগত আয়করে বড় ছাড় ঘোষণা নির্মলার, নতুন কর কাঠামো জেনে নিন এক নজরে