
প্রতীকী ছবি
শেষ আপডেট: 18 April 2025 11:08
দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার মালদহে পৌঁছল জাতীয় মানবাধিকার কমিশন। দুই সদস্যের দল আজ কথা বলবেন মুর্শিদাবাদের ঘরছাড়াদের সঙ্গে। মনে করা হচ্ছে, এর ভিত্তিতে তৈরি রিপোর্ট কেন্দ্রীয় সরকারকে দেবেন তাঁরা।
শুক্রবার সকাল ১০টা ১০ নাগাদ বন্দে ভারতে করে মালদহ টাউন স্টেশনে পৌঁছয় দুই সদস্যদের প্রতিনিধি দল। জানা গিয়েছে, তাঁরা আপাতত সার্কিট হাউসে কিছুক্ষণ বিশ্রাম নেবেন। তারপর রওনা দেবেন বৈষ্ণবনগরের উদ্দেশে। সেখানে পারলালপুর হাইস্কুলে গিয়ে মুর্শিদাবাদের ঘটনায় ঘরছাড়াদের সঙ্গে কথা বলবেন।
ঘরছাড়াদের সমস্যার কথা শুনবেন তাঁরা। সঙ্গে ঠিক কী হয়েছিল সেনিয়েও কথা বলতে পারেন। গোটা ঘটনার রিপোর্ট এরপর জমা দেবেন কেন্দ্রকে।
প্রসঙ্গত, ওয়াকফের প্রতিবাদে গত শুক্রবার থেকে উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের পরিস্থিতি। হিন্দুদের ওপর অত্যাচারের অভিযোগ ওঠে। সেই ভয়ে অনেকেই ঘর থেকে পালিয়ে যান এবং আশ্রয় নেন পাশের জেলা মালদহে। সেখানেই তাঁদের সঙ্গে কথা বলার উদ্যোগ নেয় জাতীয় মানবাধিকার কমিশন।
এদিকে গতকাল এমনই কয়েকজন ঘরছাড়াকে নিয়ে রাজ্যপালের দ্বারস্থ হয়েছিলেন সুকান্ত মজুমদার। রাজ্যপাল নিপীড়িতদের সঙ্গে কথা বলেন এবং পাশে থাকার আশ্বাস দেন।
তার আগের দিন অর্থাৎ বুধবার ভবানীভবনেও গেছিলেন ঘরছাড়ারা। সঙ্গে ছিলেন সুকান্ত।
পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানাচ্ছে পুলিশ। যদিও কেন্দ্রীয় বাহিনী ও সীমান্তরক্ষী বাহিনী এলাকায় রয়েছে এখন। তাঁরা নিয়মিত পরিস্থিতির ওপর নজর রাখছে।