দ্য ওয়াল ব্যুরো: ঘূর্ণাবর্তের জেরে সোমবার সকাল থেকেই মেঘলা আকাশ, শহরের বিভিন্ন জায়গায় ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে। তবে আজ উত্তরবঙ্গে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কালও আকাশ মেঘলা থাকতে পারে। বুধবার বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি।
আজ বৃষ্টি হতে পারে পুরুলয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়া জেলার বিভিন্ন অংশে।
গত ২৪ ঘণ্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৪ ডিগ্রি সেলসিয়াস। আজ সকালে কলকাতার তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস। বেলার দিকে আকাশ অংশত মেঘলা থাকলেও সূর্যের দেখা মিলতে পারে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস হতে পারে।
গত চব্বিশ ঘণ্টায় সবচেয়ে বেশি গরম অনুভূত হয়েছে ডায়মন্ড হারবার ও জলপাইগুড়িতে, দুই জায়গাতেই সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস।