দ্য ওয়াল ব্যুরো: চলতি সপ্তাহে বিভিন্ন সময় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও।
বসন্তকাল চলে এলেও আবহাওয়ার খামখেয়ালিপনায় আকাশ প্রায়ই মেঘলা হয়ে যাচ্ছে। হালকা বৃষ্টিও হচ্ছে। সকালের দিকে তাপমাত্রা থাকছে স্বাভাবিকের চেয়ে কম।
আজ সকাল থেকেই আকাশ অংশত মেঘলা। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। সেইসঙ্গে বাড়বে তাপমাত্রা। দুপুরের দিকে আকাশ পুরোপুরি পরিষ্কার হয়ে গেলেও তার পর থেকে আকাশ ফের মেঘলা হতে পারে। আগামীকাল সকালে আকাশ পরিষ্কার থাকবে বলে মনে করা হচ্ছে।
সকাল থেকে দৃশ্যমানতা ছিল বেশ কম। তাই সূর্যোদয়ের অমেক পর পর্যন্ত হেডলাইট জ্বালিয়ে গাড়ি চলেছে।