দ্য ওয়াল ব্যুরো: গত কয়েকদিনে ভ্যাপসা গরমে হাঁসফাঁস অবস্থা দক্ষিণবঙ্গের। গত ২৪ ঘণ্টায় ছিঁটেফোঁটা বৃষ্টি না হলেও আকাশ রয়েছে আংশিক মেঘলা। মাঝে মাঝে ঝলক মিলছে চড়া রোদের। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অতিরিক্ত হওয়ায় স্বাভাবিকের থেকে আপেক্ষিক আর্দ্রতা অনেকটা বেশি। ফলে গুমোট গরমে নাজেহাল হচ্ছেন দক্ষিণবঙ্গবাসী।
তবে আর্দ্রতাজনিত চরম অস্বস্তি থেকে রেহাই মিলবে আজই। আজ মঙ্গলবার বিকেলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ বিকেলের পর থেকে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, পুরুলিয়া এবং বীরভূমের বিভিন্ন অংশে। সংলগ্ন অন্যান্য জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল যে সেপ্টেম্বর মাসের প্রথম ভাগ পর্যন্ত ভারতীয় ভূ-খণ্ডে থাকবে মৌসুমি বায়ু। পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগে সে ভাবে সক্রিয় না থাকলেও এর প্রভাবে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে।
তবে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর। উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলা অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পঙে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও বিক্ষিপ্ত ভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজও মালদাতে বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে হাওয়া অফিস। মূলত আগামী শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী দুর্যোগের সম্ভাবনা রয়েছে। এছাড়াও সিকিম, অসম, মেঘালয় এবং উত্তর-পূর্ব অন্যান্য রাজ্যেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আলিপুর জানিয়েছে, সক্রিয় মৌসুমি অক্ষরেখা ক্রমশ উত্তরদিকে অগ্রসর হয়ে অবস্থা বদল করছে। এর ফলে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে ভূ-খণ্ডে। মূলত অমৃতসর, বরেলি থেকে জলপাইগুড়ি হয়ে অসমের উপর দিয়ে নাগাল্যান্ড পর্যন্ত বিস্তৃত রয়েছে এই মৌসুমী অক্ষরেখা। এর প্রভাবেই উত্তরবঙ্গ এবং উত্তর ভারত, এবং উত্তর-পূর্ব ভারতের একাধিক রাজ্যে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আজ সকালে শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। গতকাল সন্ধ্যায় শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৪ থেকে ৮৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় একেবারেই বৃষ্টি হয়নি। হাওয়া অফিস জানিয়েছে, আজ দক্ষিণবঙ্গের তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আজ আংশিক মেঘলা থাকবে কলকাতার আকাশ।