দ্য ওয়াল ব্যুরো: ফের নিম্নচাপ দক্ষিণবঙ্গে। আগামী সপ্তাহে ভাসতে চলেছে কলকাতা-সহ একাধিক জেলা।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। যার ফলে আরও শক্তিশালী হবে মৌসুমী অক্ষরেখা। ফলে আগামী মঙ্গলবার থেকে তুমুল ঝড়বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। হাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়াও। তাই মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। আলিপুর জানিয়েছে, আগামী ৪ অগস্ট থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং পূর্ব ভারতের রাজ্যগুলিতে ঝড়বৃষ্টি হবে। ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।
মূলত দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার দুর্যোগের সম্ভাবনা আছে। কলকাতা ছাড়াও ঝড়বৃষ্টি হবে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, দুই বর্ধমান, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া----এইসব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি আগামী ৪৮ ঘণ্টা বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও। দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কালিম্পঙে সোমবার এবং মঙ্গলবার বিক্ষিপ্ত ভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। মূলত আগামী দু’দিন দার্জিলিং ও আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে বৃষ্টি কমবে উত্তরবঙ্গে। সেদিন কোচবিহার, কালিম্পঙ, জলপাইগুড়ি জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কলকাতায় রবিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬১ থেকে ৯৩ শতাংশ। আজ দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২৮ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আলিপুর জানিয়েছে, আজ হাওড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর জানিয়েছে, আজ হাওড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।