দ্য ওয়াল ব্যুরো: করোনার জেরে এ বছর বন্ধ রাখা হচ্ছে রাজ্যের দ্বিতীয় বৃহত্তম ঈদগাহে ঈদের নামাজপাঠের অনুষ্ঠান। মালদহের সুজাপুর নয়মৌজা ঈদগাহ কমিটি থেকে এ কথা জানানো হয়েছে। এ বছর ঈদের জন্য জমায়েতও স্থগিত রাখা হয়েছে।
রবিবার নয়মৌজা ঈদগাহ কমিটির তরফে একটি বৈঠক করা হয়। বৈঠকে কমিটির সব সদস্যের সম্মতিতে এই সিদ্ধান্ত হয়েছে।
সুজাপুর নয়মৌজা ঈদগাহ রাজ্যের দ্বিতীয় বৃহত্তম ঈদগাহ ময়দান। এক মাসের রমজান শেষে ঈদের উৎসবে মিলন কেন্দ্র হয়ে ওঠে ময়দান প্রাঙ্গণ। লক্ষাধিক মানুষের সমাগম হয়। ঈদের নামাজ পড়ার পরে তাঁরা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এখানে।
করোনার সংক্রমণ রুখতে দেশজুড়ে চলছে চতুর্থ দফার লকডাউন। প্রশাসন কয়েকটি ক্ষেত্রে নিয়ম শিথিল করলেও ধর্মীয় স্থান বন্ধ রাখতে বলেছে।
ঈদগাহ কমিটির সম্পাদক হামিদুর রহমান বিশ্বাস এদিন বলেন, “সব সদস্যের সম্মতিতে নয়মৌজা ঈদগাহ ময়দানে নামাজ পাঠ বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। সমগ্র কালিয়াচকে মাইকিং করে জানিয়ে দেওয়া হবে ঈদগাহে কোনও রকম জমায়েত যাতে না হয়। প্রশাসনের নির্দেশ মেনে চলতে এবং মানুষের ভবিষ্যতের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত হয়েছে।” সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতেও অনুরোধ করেছে নয়মৌজা ঈদগাহ কমিটি।