দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: মোবাইল ফোনে যুবককে ডেকে নিয়ে গিয়ে খুনের অভিযোগ উঠল তার পরিচিত দুই যুবকের বিরুদ্ধে। খুন করে ইছামতির খালে দেহ লোপাটের চেষ্টা করা হয় বলেও অভিযোগ। এই ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাটের টাকি পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের রোজিপুরে। মৃত যুবকের নাম সাইদ গাজি। বয়স ২০ বছর। জানা গিয়েছে, মঙ্গলবার রাতে টাকি পুরসভারই ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দুই যুবক বুড়ো শেখ ও নাজিমুল গাজি মোবাইলে ফোন করে সাইদকে ডেকে পাঠায়। দু’জনেই সাইদের পরিচিত বলে জানা গিয়েছে। সাইদ তাদের সঙ্গে দেখা করতে গেলে প্রথমে সাইদকে দু’জনে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। তারপর তাকে শ্বাসরোধ করে খুন করা হয় বলে অভিযোগ। খুনের পরে দেহ ইছামতির খালে ফেলে দিয়ে লোপাট করার চেষ্টা করা হয় বলেও অভিযোগ।
সাইদের পরিবারের অভিযোগ, গতকাল রাতের পর থেকে সাইদ বাড়ি না ফেরায় খোঁজ শুরু করেন তাঁরা। কোথাও সাইদের খোঁজ মেলেনি। অবশেষে বুধবার সকালে ইছামতির খালে একটি দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা খবর দেন পুলিশে। হাসনাবাদ থানার পুলিশ এসে খাল থেকে মৃতদেহটি উদ্ধার করে। পরিবারের লোক সেটি সাইদের মৃতদেহ বলে শনাক্ত করেন। এই ঘটনার পরে ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে দেহটি।
পুলিশের কাছে সাইদের পরিবারের তরফে অভিযোগ করা হয়, গতকাল রাতে বুড়ো শেখ ও নাজিমুল গাজির ফোন পেয়েই বাড়ি থেকে বেরিয়ে যায় সাইদ। এই অভিযোগ পেয়ে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবি করেছে সাইদের পরিবার।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ত্রিকোণ প্রেমের জেরে খুন করা হতে পারে সাইদকে। ধৃত দু’জনকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করছে পুলিশ। এই ঘটনায় দু’জনের সঙ্গে আরও কেউ যুক্ত ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।