দ্য ওয়াল ব্যুরোঃ দ্বাদশ শ্রেণীর এক ছাত্রীর শ্লীলতাহানির ঘটনা ঘটল শহরে। এই ঘটনার প্রতিবাদ করায় মদ্যপ যুবকদের হাতে মারধর খেতে হয় ওই ছাত্রীর এক প্রতিবেশী দাদাকে। এই ঘটনায় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বাড়ি বিধাননগরে। ধৃতদের আজ বিধাননগর কোর্টে তোলা হয়েছে বলে খবর।
পুলিশ সূত্রে খবর, গত রবিবার এই ঘটনাটি ঘটে বিধাননগর দক্ষিণ থানা এলাকায়। বানতলার বাসিন্দা দ্বাদশ শ্রেণীর ওই ছাত্রী টিউশন পড়তে গিয়েছিল চিংড়িহাটা এলাকায়। পড়া শেষ হওয়ার পরে অটোতে করে বাড়ি ফিরছিল সে। তাকে টিউশন থেকে আনতে গিয়েছিল প্রতিবেশী এক দাদা।
জানা গিয়েছে, বাড়ি ফেরার পথে ছয়নাভী অটো স্ট্যান্ডে নেমে একটি টিউবওয়েল থেকে জল খেতে যায় ওই ছাত্রী। কিন্তু জল পড়ছিল না। সেখানে কাছেই দাঁড়িয়েছিল দুই মদ্যপ যুবক। তারা ওই ছাত্রীকে দেখে কটূক্তি করে বলে অভিযোগ। তারা ক্রমাগত কুরুচিকর মন্তব্য করতেই থাকে।
পুলিশ জানিয়েছে, এই ঘটনা দেখে ওই ছাত্রীর সঙ্গে থাকা প্রতিবেশী যুবক এগিয়ে আসে। সে এসে এই ঘটনার প্রতিবাদ করে। তখন নাকি মদ্যপ দুই যবক তাকে মারধর করে। ছাত্রীর হাত ধরে টানাটানি করতে থাকে তারা। তার শ্লীলতাহানি করা হয়।
এই ঘটনার পরে মঙ্গলবার সকালে বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করে ওই ছাত্রীর পরিবার। মারধরের অভিযোগ দায়ের করা হয় তার প্রতিবেশী যুবকের তরফেও। এই অভিযোগের ভিত্তিতে তদন্ত করতে গিয়ে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে দুই যুবককে গ্রেফতার করে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। তাদের নাম টোটন সরদার ও পরেশ সরদার। দুজনেরই বাড়ি ছয়নাভী এলাকায়। তাদের বিরুদ্ধে শ্লীলতাহানি ও মারধরের অভিযোগ দায়ের করা হয়েছে বলে খবর।
ধৃতদের বুধবার বিধাননগর আদালতে তোলা হয়েছে বলে খবর। যেভাবে শহরে দিনে দুপুরে শ্লীলতাহানির ঘটনা ঘটেছে তাতে যথেষ্ট আতঙ্কিত ওই ছাত্রী। আতঙ্কের মধ্যে রয়েছে তার পরিবারও।