ইসলামপুরে গোষ্ঠীদ্বন্দ্বে খুন, প্রকাশ্যে বিস্ফোরক অভিযোগ তৃণমূল বিধায়কের
দ্য ওয়াল ব্যুরো: পরিত্যক্ত চা বাগানের জমি দখলকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে বসিদা বেগম ( ৫০ ) নামের এক মহিলার। এই ঘটনাকে কেন্দ্র করে ব্লক সভাপতি ও আইসির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন ইসলামপুরের তৃণমূল বি
শেষ আপডেট: 26 December 2019 13:50
দ্য ওয়াল ব্যুরো: পরিত্যক্ত চা বাগানের জমি দখলকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে বসিদা বেগম ( ৫০ ) নামের এক মহিলার। এই ঘটনাকে কেন্দ্র করে ব্লক সভাপতি ও আইসির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন ইসলামপুরের তৃণমূল বিধায়ক করিম চৌধুরী। প্রকাশ্যে আইসিকে কটাক্ষ করলেন তিনি। ব্লক সভাপতির নির্দেশে এই কাজ হচ্ছে, অথচ আইসি নীরব, এমনটাই অভিযোগ তাঁর। টাকা ভাগাভাগির অভিযোগও এনেছেন তৃণমূল বিধায়ক।
এদিন ইসলামপুরের নয়াবস্তি এলাকায় ডানকান চা বাগানে তৃণমূলের দু'পক্ষের মধ্যে সংঘর্ষ ও গুলি বিনিময়ে খুন হন ওই মহিলা। তারপরেই স্থানীয় বাসিন্দারা মৃতদেহ ঘিরে ধরে বিক্ষোভ দেখানো শুরু করেন। সেখানে ছিলেন ইসলামপুরের বিধায়ক করিম চৌধুরী। কিছুক্ষণ পরে ময়নাতদন্তের জন্য দেহ নিয়ে যেতে আসেন ইসলামপুর থানার আইসি শমীক চট্টোপাধ্যায়। তারপরেই ক্ষোভে ফেটে পড়েন বিধায়ক।
আইসিকে দেখে করিমবাবু বলেন, "এখন কী করতে এসেছেন? কতবার বলেছি এলাকা শান্ত রাখুন। কিন্তু তখন তো ব্লক সভাপতি জাকির হোসেনের বাড়িতে গিয়ে চা খান। টাকা ভাগাভাগি করেন। এখন একদম আসবেন না। আমার মা, বোনরা খুন হচ্ছে। আর আপনি টাকা ভাগ করছেন। আমি মুখ্যমন্ত্রীকে জানিয়েছি। আবার জানাব।" করিমবাবুর এই কথার পরিপ্রেক্ষিতে আইসি শমীকবাবুকে বলতে শোনা যায়, "এভাবে পাবলিক প্লেসে এসব বলবেন না।"

এই সংঘর্ষের ঘটনায় আহত আরও দুই মহিলা স্থানীয় মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ এই ঘটনায় ইতিমধ্যে দু'জনকে গ্রেফতার করেছে। স্থানীয় মানুষদের অভিযোগ, তৃণমূল বিধায়ক ও তৃণমূল ব্লক সভাপতির অনুগামীদের মধ্যেই এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।
প্রায় চার বছর ধরে বন্ধ রয়েছে এই ডানকান চা বাগান। চা বাগান তৈরির সময় যাঁরা জমি দিয়েছিলেন, তাঁদের মধ্যে অনেকেই বর্তমানে সেখানে চাষবাস করেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জাকির হোসেনের প্রত্যক্ষ মদতে ধীরে ধীরে ওই জমি দখল হয়ে যাচ্ছে। অন্যদিকে জাকির হোসেনের অনুগামীদের অভিযোগ, বিধায়ক করিম চৌধুরীর লোকজনই জমি দখলের চেষ্টা করছেন। এই নিয়েই দুই দলের মধ্যে বিবাদ হচ্ছে।
জানা গিয়েছে, এদিন বসিদা বেগম চা বাগানের ভিতর নিজের জমি দেখতে যান। তখনই দু'পক্ষের মধ্যে বচসা শুরু হয়। বচসা গড়ায় হাতাহাতিতে। চলে গুলি, হয় বোমাবাজি। এর মধ্যেই বসিদা বেগম-সহ তিন মহিলা গুলিবিদ্ধ হন। হাসপাতালে নিয়ে গেলে বসিদা বেগমকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
অবশ্য বিধায়ক ব্লক সভাপতির বিরুদ্ধে অভিযোগ করলেও গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উড়িয়ে দিয়েছেন জেলা তৃণমূল সভাপতি কানহাইয়ালাল আগরওয়াল। তিনি বলেন, "চা বাগানের জমি দখলকে কেন্দ্র করে গণ্ডগোল হয়েছে। এর সঙ্গে তৃণমূলের কেউ যুক্ত নয়।"