দ্য ওয়াল ব্যুরো: আগামী কয়েকদিন যে দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি হবে সেই পূর্বাভাস দিয়েছিল আলিপুর। সেই মতো বুধবার সন্ধ্যায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের বেশ কিছু জেলায়। হাওয়া অফিস জানিয়েছে, আজ বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং পশ্চিমী মেদিনীপুরের বেশ কিছু অংশে। আগামী ২-৩ ঘণ্টাতেই শুরু হবে বৃষ্টি। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়াও।
আজ সকাল থেকে আংশিক মেঘলা ছিল আকাশ। আলিপুর জানিয়েছিল, বিকেলের পর ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের জানিয়েছিল আজ দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩২ ডিগ্রি এবং ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে। আজ বুধবার শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২.২ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। আর সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। বাতাসে আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৮৫ শতাংশ এবং সর্বনিম্ন ৭৫ শতাংশ। আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় দিনেরবেলায় ভ্যাপসা-গুমোট গরম ছিল। তবে বিকেলের পর বেশ কিছু জেলায় ঠান্ডা হাওয়া বইতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় ঝড়বৃষ্টি হয়নি।
আইএমডি-র পূর্বাভাসে বলা হয়েছে এই সপ্তাহে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে। প্রভাব পড়তে পারে পূর্ব ভারতের রাজ্যগুলিতেও। পাশাপাশি উত্তর ও মধ্য ভারতে চলেছে তাপপ্রবাহ। আগামী ২৪ ঘণ্টায় এর প্রভাব পড়তে পারে পূর্ব ভারতের রাজ্যেও। আবহবিদদের মতে এই দু’ধরনের আবহাওয়ার প্রভাবে এখন এক মিশ্র আবহাওয়ার পরিস্থিতি দেখা যাচ্ছে বাংলায়। তার মধ্যে মাত্র এক সপ্তাহ আগেই বাংলার বুকে তাণ্ডব দেখিয়েছে ঘূর্ণিঝড় উমফান। এইসবের মিলিত প্রভাবেই দক্ষিণবঙ্গের কিছু জেলায় এখন ঝড়বৃষ্টি হচ্ছে। আর কিছু জেলায় গরম অনুভূত হচ্ছে।