দ্য ওয়াল ব্যুরো: করোনা ভাইরাসের সংক্রমণ এবার বীরভূমের জেলাশাসকের বাংলোতেও। আক্রান্ত হয়েছেন বাংলোয় কর্মরত তিন জন। তাঁরা বর্তমানে বোলপুর করোনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জেলাশাসকের বাংলোর অন্য কর্মীদের ইতিমধ্যেই হোম আইসোলেশনে পাঠানো হয়েছে। জেলাশাসক নিজেও হোম আইসোলেশনে থাকতে শুরু করেছেন। সেখান থেকেই তিনি প্রশাসনিক কাজকর্ম চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
বীরভূম জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে জেলা শাসক মৌমিতা গোদারার সরকারি বাংলোর তিন জন কর্মী করোনা ভাইরাসে আক্রান্ত। গত ১৯ জুলাই তাঁদের লালারসের নমুনা পরীক্ষা করা হয়। ২২ জুলাই সেই রিপোর্ট আসে। তাতেই দেখা যায় তিন জন আক্রান্ত হয়েছেন। সর্বশেষ সরকারি রিপোর্ট অনুযায়ী ২২ জুলাই জেলায় মোট ২২ জন আক্রান্ত হয়েছেন। এ দিন সুস্থ হয়ে উঠেছেন মোট তিন জন। জেলায় এখনও পর্যন্ত মোট ৪০১ জন আক্রান্ত হয়েছেন। সেরে উঠেছেন ৩৩৭ জন। মৃত্যু হয়েছে চার জনের। বর্তমানে কোভিড সংক্রমণ রয়েছে এমন ব্যক্তির সংখ্যা ৬০ জন।
জেলাশাসকের বাংলোয় কর্মরত অন্য কর্মীদের হোম আইসোলেশনে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে স্বাস্থ্য দফরের পক্ষ থেকেই। ওই বাংলোর সঙ্গে যুক্ত সকলের লালারস পরীক্ষা করা হবে বলে জানানো হয়েছে। আক্রান্ত তিন জন যেখানে থাকেন সেই আবাসন সিউড়ি পুরসভার পক্ষ থেকে বৃহস্পতিবার জীবাণুমুক্ত করা হয়েছে। শুক্রবার জেলাশাসকের বাংলোও জীবাণুমুক্ত করা হবে পুরসভার পক্ষ থেকে।
বীরভূম স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিমাদ্রি আড়ি বলেন, “আক্রান্ত তিন জনকে বোলপুর করোনা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।” জেলাশাসক মৌমিতা গোদারা বলেন, “বাংলোর তিন জন কর্মী আক্রান্ত হয়েছেন। এই অবস্থায় আমি নিজে হোম আইসোলেশন থেকে প্রশাসনিক কাজকর্ম চালিয়ে যাব।”
সরকারি রিপোর্ট অনুযায়ী বীরভূমে বর্তমানে ২৬টি কন্টেনমেন্ট জোন রয়েছে। বোলপুরের চণ্ডীদাস নানুর গ্রাম পঞ্চায়েতের নতুনপাড়া ও নানুর এফসিআই গুদাম এলাকা নতুন করে যোগ হয়েছে এই তালিকায়। এছাড়া রয়েছে রামপুরহাট পুরসভার ৮, ১১ ও ১৮ নম্বর ওয়ার্ডের একটি করে এলাকা, নলহাটি পুরসভার ৪ ও ৬ নম্বর ওয়ার্ডের একটি করে এলাকা, সাঁইথিয়া পুরসভার ২, ৩, ৭ ও ১১ নম্বর ওয়ার্ডের একটি করে এলাকা। গ্রামাঞ্চলের মধ্য়ে রামপুরহাট ১ ও ২ নম্বর, নলহাটি ২ নম্বর, মুরারই ১ নম্বর, ময়ূরেশ্বর ১ ও ২ নম্বর, ইলামবাজার, নানুর, সিউড়ি ১ নম্বর এবং বোলপুর-শান্তিনিকেতন ব্লকের বিভিন্ন এলাকা কোয়ারেন্টাইন জোন হিসাবে ঘোষণা করা হয়েছে।