দ্য ওয়াল ব্যুরো: যাব যাব করেও যাচ্ছে না শীত। এই তাপমাত্রা বাড়ছে, তো মাঝেমধ্যেই কমে যাচ্ছে। তার সঙ্গে দোসর হয়েছে বৃষ্টি। এখনই শীতের বিদায় হচ্ছে না বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ফের ৩-৪ দিন ঠান্ডা বাড়বে বলেই জানিয়েছে তারা।
গত দু’দিনে তাপমাত্রা কমেছে ৪ ডিগ্রি। কলকাতায় এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। গতকাল শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। গত দু’দিনের এই পারদ পতন ইঙ্গিত দিচ্ছে শীতের।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আপাতত বৃহস্পতিবার পর্যন্ত বজায় থাকবে এই শীত। অবশ্য তাপমাত্রা কমলেও আগের সেই কনকনে ঠান্ডা আর ফিরবে না বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পশ্চিমী ঝঞ্ঝা না থাকায় কুয়াশাও খুব একটা বেশি থাকবে না বলেই জানানো হয়েছে। আকাশ পরিষ্কার থাকায় তাপমাত্রা নামছে বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরা।
জানানো হয়েছে, আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে বৃহস্পতিবার থেকে তাপমাত্রা আবার বাড়বে বলেই জানিয়েছে আলিপুর। মঙ্গলবার ফের একটা পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে ঝাড়খণ্ডে। তারই প্রভাব পড়বে রাজ্যে। বৃহস্পতিবার থেকে এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই ফের তাপমাত্রা বাড়বে রাজ্যে। তবে তা কতদিন স্থায়ী হবে সেই ব্যাপারে এখনও কিছু জানা যাচ্ছে না।