শুভেন্দুর ভাই সৌমেন্দুকে সরিয়ে দেওয়া হল কাঁথি পুরসভার প্রশাসক পদ থেকে
দ্য ওয়াল ব্যুরো: কিছুদিন আগেই বিজেপিতে যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারী। এবার কাঁথি পুরসভার প্রশাসক পদ থেকে সরিয়ে দেওয়া হল শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীকে। তাঁকে কাঁথি পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর্স থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর জ
শেষ আপডেট: 29 December 2020 15:47
দ্য ওয়াল ব্যুরো: কিছুদিন আগেই বিজেপিতে যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারী। এবার কাঁথি পুরসভার প্রশাসক পদ থেকে সরিয়ে দেওয়া হল শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীকে। তাঁকে কাঁথি পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর্স থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর জায়গায় প্রশাসক হয়েছেন সিদ্ধার্থ মাইতি। শুভেন্দু বিজেপিতে যোগ দেওয়ার পরে তাঁর ভাইয়ের অপসারণের ঘটনায় ফের জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
শুভেন্দু বিজেপিতে যোগ দেওয়ার পরে ডায়মন্ডহারবারের সভা থেকে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় শুভেন্দুকে কটাক্ষ করে বলেছিলেন, নিজের ঘরেই ভাঙন ধরাতে, পদ্ম ফোটাতে পারেননি শুভেন্দু। আর তিনি ভাবছেন তৃণমূলে ভাঙন ধরাবেন। এদিন টিটাগড় থেকে খড়দহ পর্যন্ত রোড শো করার পরে শুভেন্দু সেই প্রসঙ্গ টেনে এনে বলেন, ডায়মন্ডহারবারে সেদিন আমাকে উদ্দেশ করে বলেছে, তোমার লজ্জা করে না ওই বাড়িতে থাকতে। তোমার বাড়ির লোকজনও তো তোমার সঙ্গে যায়নি। বাবা ভাই তো জোড়াফুলেই আছেন। এ কথা বলেই শুভেন্দু বলেন, “আরে বাবুসোনা! সবে তো পদ্মর কুঁড়ি ফুটেছে। বসন্তে রাম নবমী আসুক। আমার বাড়িতে পদ্ম ফুটবে। তোমার বাড়িতে ঢুকেও পদ্ম ফোটাব। হরিশ চ্যাটার্জি স্ট্রিটে পদ্ম ফুটবে”।
তরুণ বিজেপি নেতার এই কথা থেকে অনেকে যেমন ধরে নিচ্ছেন যে কাঁথির তৃণমূল সাংসদ শিশির অধিকারী ও তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারীও বিজেপিতে যাবেন। তেমনই জল্পনা শুরু হয়েছে, হরিশ চ্যাটার্জি স্ট্রিট থেকে কে বিজেপিতে যাচ্ছেন।

শুভেন্দুর বাবা শিশির অধিকারী কাঁথি লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ। সেইসঙ্গে পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূল সভাপতিও তিনি। অন্যদিকে শুভেন্দুর আর এক ভাই দিব্যেন্দু অধিকারী তমলুকের তৃণমূল সাংসদ। শুভেন্দু বিজেপিতে যোগ দিলেও তাঁরা এখনও তৃণমূলেই রয়েছেন। ঘরের ছেলের বিজেপিতে যোগ দেওয়া নিয়েও তাঁরা কিছু বলেননি। তাঁদের বিরুদ্ধে মুখ খোলেননি কোনও তৃণমূল নেতাও। কিন্তু আর এক ভাই সৌমেন্দুকে সরিয়ে দিল তৃণমূল।
নন্দীগ্রাম আন্দোলনের নেতা বিজেপিতে যোগ দেওয়ার সময় তাঁর সঙ্গে একাধিক বিধায়ক, নেতা থেকে শুরু করে পূর্ন বর্ধমানের তৃণমূল সাংসদও দল বদল করেছেন। যোগদানের পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে শুভেন্দু নাকি বলেছেন, আরও অন্তত ২০ জন বিধায়ক ও আরও অনেক নেতা তাঁর সঙ্গে যোগাযোগ রাখছেন। সেই তালিকায় কি ছিলেন তাঁর ভাই সৌমেন্দুও। তাঁকে প্রশাসক পদ থেকে সরিয়ে দেওয়ার পরে কিন্তু সেই জল্পনায় সবথেকে বেশি প্রকট হয়ে উঠছে রাজনৈতিক মহলে।