দ্য ওয়াল ব্যুরো: গত কয়েক দিন ধরে চিনা হ্যাকারদের আতঙ্ক দেখা দিয়েছে ভারতে। কেন্দ্রের তরফে সতর্ক থাকতে বলা হচ্ছে ইমেল ব্যবহারকারীদের। অপরিচিত কোনও মেলের জবাব দেওয়ার ক্ষেত্রে যতটা সম্ভব এড়িয়ে যাওয়ারই নির্দেশ দেওয়া হচ্ছে। এবার একই সতর্কতা জারি করা হচ্ছে প্রশাসনিক স্তরেও। সম্প্রতি কেন্দ্রের তরফে পশ্চিমবঙ্গের বিদ্যুৎ দফতরে একটি মেল পাঠিয়ে সতর্ক করা হয়েছে। বলা হয়েছে, কোনও রকমের অপরিচিত মেলের জবাব না দিতে। চিনা হ্যাকাররা ওয়েবসাইট হ্যাক করতে পারে বলে সতর্কতা জারি করেছে কেন্দ্র।
বৃহস্পতিবার সল্টলেকের বিদ্যুৎ ভবনে এই বিষয়ে একটি সাংবাদিক সম্মেলন করেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। সেখানে তিনি বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রক থেকে একটি মেল করা হয়েছে বিদ্যুৎ দফতরে। এই মেল করে সতর্ক থাকতে বলা হয়েছে। দফতরে আসা যাবতীয় অপরিচিত মেল এড়িয়ে চলার কথা বলা হয়েছে। এগুলো মারফত বিদ্যুৎ দফতরের ওয়েবসাইট হ্যাক করতে পারে চিনা হ্যাকাররা। অবশ্য আমরা আগে থেকেই এই বিষয়ে সতর্ক রয়েছি।”
তারপরেই মন্ত্রী জানান এই বিষয়ে আরও বিস্তারিত জানাবেন দফতরের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি সুরেশ কুমার। এই বিষয়ে চিফ সেক্রেটারি বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রক থেকে যে মেল এসেছে তাতে বলা হয়েছে অপরিচিত মেলের জবাব না দিতে। পুরো দফতরকে এই কথা জানিয়ে দেওয়া হয়েছে। কেন্দ্রের তরফে একটা মেল আইডিও পাঠানো হয়েছে। সেটি হল এনকভ২০১৯@গভ.ইন। বলা হয়েছে এই মেল থেকে কোনও মেল আসলে জবাব দেবেন না। কারণ মেলে একবার ক্লিক করলেই ভাইরাস ইনস্টল হয়ে কাজ শুরু করে দেবে। যাবতীয় তথ্য হ্যাক করা শুরু হবে। চিনা হ্যাকাররা এই তথ্য হ্যাক করতে পারে। এই বার্তা পাওয়ার পরেই আমরা তথ্য সুরক্ষিত করা শুরু করেছি। সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে কোনও অপরিচিত মেলের জবাব যেন না দেওয়া হয়।”
ভারতে সাইবার হানা সামলানোর জন্য তথ্য প্রযুক্তি মন্ত্রকের অধীনে থাকা ইন্ডিয়ান কম্পিউটার ইমারজেন্সি রেসপন্স টিম অথবা সার্টও কয়েক দিন আগে একই কথা জানিয়েছে। সার্ট জানিয়েছে, সরকারি মেলের আড়ালে ভাইরাস হানা হতে পারে। মেল ছাড়াও টেক্সট মেসেজ করে ব্যবহারকারীর সঙ্গে যোগাযোগ করা হতে পারে। সেক্ষেত্রে হ্যাকাররা চেষ্টা করবে, যাতে ব্যবহারকারী কোনও ভাবে সেই মেলের লিঙ্কটি ক্লিক করে। তাহলেই তাদের উদ্দেশ্য সাধন হয়ে যাবে। কারণ একবার ক্লিক করলেই ভাইরাসটি সিস্টেমের মধ্যে ইনস্টল হয়ে যাবে। তারপরে তা নিজের কাজ শুরু করবে।
সার্ট জানিয়েছে, এই চক্রের কাছে প্রায় ২০ লাখ ভারতীয়র ইমেল আইডি রয়েছে। তাঁদের মধ্যে বেশিরভাগই দিল্লি, মুম্বই, হায়দরাবাদ, চেন্নাই, আহমেদাবাদ প্রভৃতি শহরের বাসিন্দা। এই সব শহরের বাসিন্দাদের কাছে কোভিড সংক্রান্ত তথ্য আদান-প্রদানের নামে ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়া হতে পারে বলে সতর্ক করেছে সার্ট। এবার একই ধরনের সতর্কতা এবার জারি করা হচ্ছে প্রশাসনিক স্তরেও।
এদিন সাংবাদিক সম্মেলনে আরও একটি বিষয়ে কথা বলেন বিদ্যুৎমন্ত্রী। শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, “একটা ভুয়ো খবর ছড়িয়েছে মিটার রিডারের চাকরির ব্যাপারে। বলা হচ্ছে ৫০ হাজার থেকে সাড়ে ৩ লাখ টাকা দিলেই নাকি বিদ্যুৎ দফতরে চাকরি হতে পারে। আমি সবাইকে জানাচ্ছি এই মুহূর্তে বিদ্যুৎ দফতরে কোনও চাকরি নেওয়া হচ্ছে না। চাকরি নেওয়া হলে বিদ্যুৎ দফতর থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়। যদি ভবিষ্যতে চাকরি নেওয়া হয় তাহলে বিজ্ঞপ্তি জারি হবে। তাই কোনও প্রলোভনে পা দেবেন না।”