ভোটের আগে পুলিশেরও মাইনে বাড়ল সামান্য, আট দিনের ছুটি বাবদ বেতন ও মহার্ঘ ভাতা
দ্য ওয়াল ব্যুরো: ভোটের আগে রাজ্য ও কলকাতা পুলিশের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট ও অ্যাসিসট্যান্ট কমিশনারের অধঃস্তন পদে কর্মরত পুলিশ অফিসার ও কর্মীদের সামান্য আর্থিক সুরাহার বন্দোবস্ত করলেন মুখ্যমন্ত্রী তথা রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যা
শেষ আপডেট: 10 February 2021 13:23
দ্য ওয়াল ব্যুরো: ভোটের আগে রাজ্য ও কলকাতা পুলিশের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট ও অ্যাসিসট্যান্ট কমিশনারের অধঃস্তন পদে কর্মরত পুলিশ অফিসার ও কর্মীদের সামান্য আর্থিক সুরাহার বন্দোবস্ত করলেন মুখ্যমন্ত্রী তথা রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পুলিশ হল আপৎকালীন পরিষেবা। ফলে সাপ্তাহিক ছুটি বা গেজেটে প্রকাশিত ছুটির হিসাব থাকে না। ছুটির দিনেও অফিস বা ডিউটিতে যেতে হয়।
তবে সে জন্য পুলিশ সার্ভিসে কমপেনসেশন তথা আর্থিক ভাবে পুষিয়ে দেওয়ার ব্যবস্থা রয়েছে। এতদিন নিয়ম ছিল ৫২ দিনের মূল বেতন ও মহার্ঘ ভাতা এ বাবদ পেতেন তাঁরা। তাঁদের দাবি ছিল তা আরও বাড়ানো হোক। এ ব্যাপারে টালবাহানা ও দীর্ঘসূত্রিতা ছিল বলে অসন্তোষও ছিল।
শেষমেশ, সেই দাবির পুরোটা না হলেও কিছুটা পূরণ করল সরকার। বুধবার নবান্নের তরফে বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে, কলকাতা পুলিশের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট বা অ্যাসিস্ট্যান্ট কমিশনারের অধঃস্তন সমস্ত অফিসার ও কর্মী এখন থেকে ৫২ দিনের পরিবর্তে ৬০ দিনের ছুটি বাবদ বেতন ও মহার্ঘ ভাতা পাবেন। এই নিয়ম অবিলম্বে বলবৎ হবে বলেও নির্দেশে জানানো হয়েছে।

সরকারের এই নির্দেশ অনেকেই ভোটের সঙ্গে জুড়ে দেখছেন। কেন না বাম জমানা থেকেই বাংলায় নির্বাচনে পুলিশের ভূমিকা বারবার গুরুত্বপূর্ণ হয়ে উঠতে দেখা গিয়েছে। আরও স্পষ্ট করলে বিরোধীদের দাবি থাকে পুলিশ নিরপেক্ষ ভাবে ভোট করাক। কিন্তু প্রতিবারই ভোট সময়ে দেখা যায়, পুলিশের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ উঠছে। এমনকি নির্বাচনে রাজ্যের উপর বিরোধীরা ইদানীং আর কোনও ভরসাই করেন না। বরং তাঁরা বলেন, ভোটে আরও বেশি করে আধা সামরিক বাহিনী মোতায়েন করা হোক। তাদের ডিপ্লয়মেন্টের দায়িত্বেও যেন রাজ্য পুলিশ না থাকে।
আবার এও ঘটনা যে, বেতন ও মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে রাজ্য সরকারের আর পাঁচটা দফতরের অংসখ্য কর্মীর মতোই পুলিশের মধ্যেও অসন্তোষ রয়েছে। সরকারি ভাবে বেতন বাড়ুক সেই দাবি রয়েছে তাঁদেরও। এখন প্রশ্ন হল, মাত্র ৮ দিনের ছুটি বাবদ অর্থে তাঁরা কি খুশি হবেন?