সরকারি ঘোষণার চেয়ে কম পরিমাণে চাল-গম দেওয়ার অভিযোগ, জেলায় জেলায় বিক্ষোভ, গলসিতে মার তৃণমূল নেতাকে
দ্য ওয়াল ব্যুরো: সরকার যে পরিমাণে রেশন দেওয়ার কথা ঘোষণা করেছিল তার চেয়ে কম পরিমাণে চাল ও গম দেওয়ার অভিযোগে গণ্ডগোল বাধল রাজ্যের বিভিন্ন জেলায়। হল বিক্ষোভ এমনকি এক জায়গায় তা মারধর পর্যন্ত গড়ায়।
একেবারে উত্তরে দার্জিলিং জেলায় বিভিন্ন রেশন ড
শেষ আপডেট: 3 April 2020 13:38
দ্য ওয়াল ব্যুরো: সরকার যে পরিমাণে রেশন দেওয়ার কথা ঘোষণা করেছিল তার চেয়ে কম পরিমাণে চাল ও গম দেওয়ার অভিযোগে গণ্ডগোল বাধল রাজ্যের বিভিন্ন জেলায়। হল বিক্ষোভ এমনকি এক জায়গায় তা মারধর পর্যন্ত গড়ায়।
একেবারে উত্তরে দার্জিলিং জেলায় বিভিন্ন রেশন ডিলারের বিরুদ্ধে গ্রাহকরা অভিযোগ তুলেছেন যে রেশন ডিলাররা মাথাপিছু চার থেকে পাঁচ কেজি করে চাল দিচ্ছেন। যদিও সরকারি নির্দেশ অনুযায়ী প্রত্যেককে ৬ কিলোগ্রাম করে চাল দেওয়ার কথা। এই অভিযোগ শোনার পরে পথে নামে প্রশাসনিক প্রতিনিধিদল। সেই দলে জেলা প্রশাসন ও স্থানীয় পুরসভার প্রতিনিধিরা ছিলেন। যে সব দোকানের বিরুদ্ধে এই অভিযোগ সেই সব দোকানে তাঁরা যান সরেজমিন পরিস্থিতি খতিয়ে দেখতে। অভিযোগের ব্যাপারে তাঁরা রিপোর্ট দেবেন জেলা খাদ্য ও সরবরাহ আধিকারিককে। তিনিই এব্যাপারে আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন বলে জানানো হয়েছে।
পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণাতেও এদিন একই পরিস্থিতি দেখা যায়। ক্ষুদিরাম রায় নামে এক রেশন ডিলারকে আটকে রেখে বিক্ষোভ দেখান স্থানীয় মানুষ। তাঁদের অভিযোগ, সরকারের ঘোষণা মতো রেশন দেওয়া হচ্ছে না। কয়েকটি শ্রেণীর রেশন কার্ডধারীকে বিনামূল্যে রেশন দেওয়ার কথা ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী অথচ ডিলাররা তা দিচ্ছেন না। চন্দ্রকোণার ধাইখণ্ড গ্রামে তাই রেশন প্রাপকরা বিক্ষোভ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চন্দ্রকোণা টাউন থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় চন্দ্রকোণা ২ নম্বর ব্লকের বিডিও নিজে ঘটনাস্থলে যান। চন্দ্রকোণা টাউন থানা থেকে আরও বেশি সংখ্যায় পুলিশকর্মী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
[caption id="attachment_204162" align="aligncenter" width="585"]

চন্দ্রকোণায় বিক্ষোভ সামলাচ্ছে পুলিশ[/caption]
চন্দ্রকোণা ২ নম্বর ব্লকের বিডিও শাশ্বতপ্রকাশ লাহিড়ি বলেন, “এসপ্তাহে রেশন কম এসেছিল। গ্রামবাসীদের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছিল। পরের সপ্তাহে জিনিস এলে অ্যাডজাস্ট করা যাবে।”
রেশন বিলি নিয়ে গণ্ডগোল বাধে পূর্ব বর্ধমান জেলাতেও। মেমারির পর এবার গলসিতে। শুক্রবার গলসির খেতুড়া গ্রামে রেশন ডিলার প্রত্যেক উপভোক্তাকে ১ কেজি করে চাল কম দিচ্ছেন বলে অভিযোগ তুলে গ্রামবাসীরা বিক্ষোভ দেখান। ঘটনাস্থলে যায় গলসি থানার পুলিশ। গ্রামবাসীদের অভিযোগ, গ্রামের এক তৃণমূল নেতা মাতব্বরি করেন রেশন ডিলারের হয়ে। যেদিনই রেশন দেওয়া হয় সেদিনই ওই ব্যক্তি রেশন দোকানে বসে থাকেন। তাঁর মদতেই কম পরিমাণে রেশন দেওয়া হচ্ছিল বলে অভিযোগ তুলে অভিযুক্ত তৃণমূল নেতা আসগর আলি ওরফে মন্টুকে পুলিশের সামনেই গ্রামবাসীরা মারধর করেন। প্রহৃতকে পুলিশ উদ্ধার করে।
এবিষয়ে প্রহৃত নেতার কোনও বক্তব্য জানা যায়নি। কম পরিমাণে রেশন দেওয়ার অভিযোগ স্বীকার করে নিয়েছেন সংশ্লিষ্ট ডিলার জাহিউন্নেশা বিবি। তিনি বলেন, “ভুল করে হয়ে গেছে। অনেক সময় ভুল করে বেশিও দিয়ে দেওয়া হয়েছে।... তবে যে নেতার নামে অভিযোগ উঠেছে ওঁকে বসানো আমার ভুল হয়েছে। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি।”
পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহ-সভাধিপতি দেবু টু়ডু বলেন, “আসলে কী ঘটেছে তা খোঁজখবর নিয়ে জানতে হবে। জেলা প্রশাসন ইতিমধ্যেই এব্যাপারে খোঁজখবর নিচ্ছে। তৃণমূল নেতা জড়িত আছেন কিনা দল দেখছে।”