দ্য ওয়াল ব্যুরো: সল্টলেকের বিই ব্লকের একটি বাড়ি থেকে মা ও মেয়ের দেহ উদ্ধার করল বিধাননগর উত্তর থানার পুলিশ। মৃতদের নাম পাপিয়া দে (৮০) এবং শর্মিষ্ঠা করপুরকায়স্থ (৫৯)। শর্মিষ্ঠাদেবী রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ করপুরকায়স্থর প্রাক্তন স্ত্রী।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আত্মীয়রা ফোনে যোগাযোগ করতে না পেরে শনিবার রাতে খবর দেন বিধাননগর কমিশনারেটে। রবিবার সকালবেলা বিধাননগর উত্তর থানার পুলিশ গিয়ে দরজা ভেঙে দেহ দুটি উদ্ধার ঘরে। পুলিশ সূত্রে খবর, আলাদা ঘর থেকে উদ্ধার হয়েছে দু'জনের দেহ। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে আরজি কর হাসপাতালে।
কী কারণে মৃত্যু তা এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে। পুলিশ সূত্রে খবর, দেহে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তা ছাড়া দরজা ভিতর থেকে বন্ধ ছিল। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে, তাহলে কি আত্মঘাতী হয়েছেন মা ও মেয়ে? সে ব্যাপারে এখনও নিশ্চিত নয় পুলিশ। বিধাননগর কমিশনারেটের শীর্ষ কর্তারা তদন্ত করছেন।
যদিও জানা গিয়েছে, এই দু'জনই বেশ কয়েকদিন ধরে জ্বর-সর্দি-কাশির মতো উপসর্গ নিয়ে ভুগছিলেন। কয়েকদিন আগে হাসপাতালেও গিয়েছিলেন বলে.জানা গিয়েছে। কোভিড আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে কিনা তা নিয়েও রহস্য দানা বেঁধেছে।
স্থানীয়রা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বৃহস্পতিবারের পর থেকে মা এবং মেয়েকে বাইরে দেখা যায়নি। প্রবীণ এক নাগরিক বলেন, সন্ধেবেলা দু'জনেই বারান্দায় বসে চা খেতেন, ফোন করতেন। গত দু'দিন ধরে সেটাও দেখা যায়নি।