দ্য ওয়াল ব্যুরো: ঘাটালের বিজেপি প্রার্থী ভারতী ঘোষের গাড়ি আটক করেছে পুলিশের স্পেশাল টিম।
বৃহস্পতিবার মধ্যরাতের খবর, পিংলায় ভারতী ঘোষের গাড়ি আটক করা হয়েছে। পুলিশের সন্দেহ প্রচুর নগদ রয়েছে পশ্চিম মেদিনীপুরের প্রাক্তন পুলিশ সুপারের গাড়িতে। তল্লাশি করতে চাইলে ভারতী তাতে বাধা দেন বলে জানা গিয়েছে। বেশি রাত পর্যন্ত জানা গিয়েছে, পুলিশের ওই বিশেষ দল ভারতী ঘোষের গাড়ি আটক করে রেখেছে পিংলায়।
বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত খবর, নাকা চেকিং-এর সময় ভারতীর গাড়িকে আটক করা হয়। এরপর তল্লাশিতে আপত্তি জানান একদা দুঁদে পুলিশ আধিকারিক। সূত্রের খবর গ্রামের একটি বাড়িতে তাঁকে বসিয়ে কথা বলছে পুলিশ।
ভারতীর গাড়িতে সদ্য তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগ দেওয়া পিংলার ব্লক নেতা গোবিন্দ হুই ছিলেন বলে জানা গিয়েছে। তাঁর সঙ্গেও পুলিশ কথা বলছে বলে খবর।
বিজেপি যদিও অভিযোগ করেছে, তৃণমূল ষড়যন্ত্র করে পুলিশকে দিয়ে এই কাজ করিয়েছে। পাল্টা তৃণমূলের অভিযোগ, পুলিশ এখন নির্বাচন কমিশনের অধীনস্থ। এখানে তৃণমূলের কোনও হাত নেই।
গত কয়েকদিন ধরেই ধারবাহিক ভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনসভা থেকে অভিযোগ করছেন, বিজেপি টাকা বিলি করছে। আরএসএস-এর এজেন্টরা এ সব করছেন। জনতার উদ্দেশে দিদি বলেন, টাকা বিলোতে দেখলেই খবরে দিন। বৃহস্পতিবার রাতে একই সন্দেহে আটক করা হয়েছে ভারতী ঘোষের গাড়ি। এখন দেখার শেষ পর্যন্ত কী পায় পুলিশ।