দ্য ওয়াল ব্যুরো: সামনেই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা। তার আগেই পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা। সেইসঙ্গে জানিয়ে দিলেন, কোনও রকমের সমস্যা হলেই পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারবেন পরীক্ষার্থীরা।
১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা। উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১২ মার্চ থেকে। শনিবার পরীক্ষার্থীদের উদ্দেশে একটি বার্তা টুইট করেন অনুজ শর্মা। সেই বার্তায় তিনি লিখেছেন, “মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাই। এও বলি রাখি, এই সময়ের মধ্যে জোরে মাইক বাজানো, বা অন্য কোনও সমস্যা হলেই সরাসরি কলকাতা পুলিশকে যোগাযোগ করুন। ১০০ নম্বরে ফোন করতে পারেন, কিংবা হোয়াটসঅ্যাপ করেও আমাদের অভিযোগ জানাতে পারেন।” এই বলে চারটি মোবাইল নম্বর দিয়েছেন তিনি। সেগুলি হল ৯৪৩২৬১০৪৪৩, ৯৪৩২৬১০৪৪৬, ৯৮৭৪৯০৩৪৬৫ ও ৯৪৩২৬২৪৩৬৫।
https://twitter.com/CPKolkata/status/1228555199330959360
কলকাতার পুলিশ কমিশনারের করা এই টুইট থেকে পরিষ্কার ছাত্র-ছাত্রীদের প্রস্তুতিতে কিংবা পরীক্ষার সময় কোনও রকমের সমস্যা বরদাস্ত করা হবে না। এর আগে অনেকবার এই ধরনের অভিযোগ উঠেছে। কখনও পরীক্ষার আগে কোনও রাজনৈতিক সভা, কিংবা কখনও পরীক্ষা চলাকালীনই পরীক্ষা কেন্দ্রের পাশে সভা করেছে রাজনৈতিক দল। উচ্চস্বরে বেজেছে মাইক। তাতে সমস্যা হয়েছে পরীক্ষার্থীদের। অনেক বলেও তার সুরাহা হয়নি। কিন্তু এবার যাতে সেই ধরনের কোনও সমস্যা না হয়, তার দাওয়াই বাতলে দিলেন অনুজ শর্মা। পরীক্ষার আগেই সেকথা জানিয়ে দিলেন তিনি।
তবে এর পরেও কেউ কেউ বলছেন, এর আগেও অনেকবার এই ধরনের বার্তা দেওয়া হয়েছে পুলিশের তরফে। কিন্তু কাজের সময় তাদের দেখা যায়নি। মুখে বলে সেটা আর কাজে পরিণত হয়নি। এবার কমিশনারের এই বার্তা কতটা কাজে পরিণত হয় সেটাই দেখার।