কথাই শুনলেন না, ঋতব্রতর আচরণে ক্ষুব্ধ মানাবাড়ি চা বাগান
দ্য ওয়াল ব্যুরো: খাতায় কলমে তিনি নির্দল সাংসদ। কিন্তু নিন্দুকরা বলেন তাঁর মনের গালিচায় অনেক দিন আগেই ফুটে গিয়েছে ঘাসফুল। সেই সিপিএম থেকে বহিষ্কৃত রাজ্যসভার সাংসদ তথা বর্তমানে রাজ্য সরকারের ট্রাইবাল মনিটরিং কমিটির চেয়ারম্যান ঋতব্রত বন্দ্যোপা
শেষ আপডেট: 25 August 2018 13:38
দ্য ওয়াল ব্যুরো: খাতায় কলমে তিনি নির্দল সাংসদ। কিন্তু নিন্দুকরা বলেন তাঁর মনের গালিচায় অনেক দিন আগেই ফুটে গিয়েছে ঘাসফুল। সেই সিপিএম থেকে বহিষ্কৃত রাজ্যসভার সাংসদ তথা বর্তমানে রাজ্য সরকারের ট্রাইবাল মনিটরিং কমিটির চেয়ারম্যান ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে নিয়েই চা বাগানের শ্রমিকদের মধ্যে তৈরি হলো ব্যাপক বিক্ষোভ। আর তা সামাল দিতে নামতে হলো জলপাইগুড়ির পুলিশ সুপারকে।
শুক্রবার জলপাইগুড়ি জেলা পুলিশের উদ্যোগে মানাবাড়ি চা বাগানে অনুষ্ঠিত হয় স্বাস্থ্য পরীক্ষা শিবির। ওই অনুষ্ঠানেই অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঋতব্রত। গত তিন বছর ধরে বন্ধ মানাবাড়ি চা বাগান। স্বাস্থ্য পরীক্ষা শিবিরে আসা মানুষজন ভেবেছিলেন সাংসদ যখন আসছেন তাঁর কাছেই বাগানের শ্রমিকরা তাঁদের দুর্দশার কথা তুলে ধরবেন। কিন্তু সেসব কিছুই হলো না। শ্রমিকদের অভিযোগ, তিনি এলেন, কয়েক মিনিট রইলেন আবার চলে গেলেন।
কয়েক মিনিট মঞ্চে থাকার পরই নেমে যান মুখ্যমন্ত্রীর হাত থেকে আদিবাসী কমিটির চেয়ারম্যানের দায়িত্ব নেওয়া ‘বিতর্কিত’ এই সাংসদ। চা বাগানেরই এক বাসিন্দা জানান, “নেমে যাচ্ছে দেখে আমরা যখন এগিয়ে আমাদের কথা বলতে গেলাম উনি কোনও কথাই শুনলেন না। গাড়িতে উঠে চলে গেলেন।’ এরপরই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে বিক্ষোভ দেখাতে থাকেন শ্রমিকরা। কোনও রকমে তা সামাল দিতে হয় জলপাইগুড়ির পুলিশ সুপার অমিতাভ মাইতিকে। গোটা ঘটনা নিয়ে সাংসদের প্রতিক্রিয়া জানতে দ্য ওয়ালের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন-“আমি দ্য ওয়াল-এর সঙ্গে কথা বলব না। থ্যাঙ্ক ইউ।’
The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন।