ফ্রেজারগঞ্জে লোকালয়ে ঢুকে পড়ল হরিণ, স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় উদ্ধার পুকুর থেকে, ছাড়া হল বনে
দ্য ওয়াল ব্যুরো: বাঘ নয়, সুন্দরবনের অরণ্য থেকে এবার লোকালয়ে ঢুকে পড়ল একটি হরিণ। দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জ উপকূল থানার বকখালির লক্ষ্মীপুর এলাকায় ঢুকে পড়ার পরে হরিণটিকে কুকুরে তাড়া করে। শেষ পর্যন্ত অবশ্য এলাকার বাসিন্দাদের সাহায্যে সেট
শেষ আপডেট: 6 May 2020 11:49
দ্য ওয়াল ব্যুরো: বাঘ নয়, সুন্দরবনের অরণ্য থেকে এবার লোকালয়ে ঢুকে পড়ল একটি হরিণ। দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জ উপকূল থানার বকখালির লক্ষ্মীপুর এলাকায় ঢুকে পড়ার পরে হরিণটিকে কুকুরে তাড়া করে। শেষ পর্যন্ত অবশ্য এলাকার বাসিন্দাদের সাহায্যে সেটিকে উদ্ধার করেন বন দফতরের কর্মীরা।
বন দফতর ও স্থানীয় সূত্রে জানা গেছে বুধবার বেলা ১১টা নাগাদ ফ্রেজারগঞ্জের বন থেকে একটি হরিণ জনবসতি এলাকায় চলে আসে। হরিণটিকে দেখতে পেয়ে অন্তত পাঁচটি কুকুর তাড়া করে। কুকুরের তাড়া খেয়ে হরিণটি ছুটতে ছুটতে লক্ষ্মীপুর এলাকার একটি পানাপুকুরে পড়ে যায়। সেই সময় ওই এলাকায় মাছ ধরছিলেন চার জন যুবক -- মনোজ বেতাল, বাবলু মণ্ডল, বরুণ দাস ও গোপাল বন্দ্যোপাধ্যায়। তাঁরা ওই হরিণটিকে দেখতে পেয়ে বন দফতরে খবর দেন।

খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বন দফতরের কর্মীরা। ততক্ষণে হরিণ দেখতে এলাকায় ভিড় জমে যায়। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় বনকর্মীরা পুকুর থেকে হরিণটিকে উদ্ধার করেন। ফ্রেজারগঞ্জ বন বিভাগের রেঞ্জ অফিসার সুবোধ সরকার বলেন, “হরিণটি

সুস্থ রয়েছে। সেটিকে আবার বকখালির দক্ষিণ জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।”
লকডাউন শুরু হওয়ার পর থেকে মানুষজন তুলনায় অনেক কম বেরোচ্ছেন। রাস্তাঘাট অনেকটাই ফাঁকা। মানুষের সংখ্যা রাস্তাঘাটে কমে যাওয়ার ফলে বন্যপ্রাণীরা প্রায়ই লোকালয়ে চলে আসছে বলে মনে করা হচ্ছে। লকডাউন শুরু হওয়ার পর থেকে জঙ্গলমহলের বিভিন্ন জেলায় লোকালয় তো বটেই, শহরের বাজারে পর্যন্ত বন্যপ্রাণী ঢুকে পড়েছে। কখনও হাতি, কখনও হরিণ, ময়ূর এমনকি ময়াল সাপ পর্যন্ত লোকালয়ে ঢোকার খবর পাওয়া গেছে।