শেষ আপডেট: 1 June 2020 05:38
এলাকা ও পুলিশ সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই ওই এলাকায় দু’টি পাড়ার মধ্যে বিবাদ চলছিল। ছোটখাট সংঘর্ষ লেগেই ছিল। রোজা চলাকালীনও সংঘর্ষ বাধে। ঈদের পরে মঙ্গলবার নবিপুর রহমান গোষ্ঠীর সঙ্গে ইসলাম গোষ্ঠীর নতুন করে সংঘর্ষ বাধে। তাতে নবিপুর রহমান গোষ্ঠীর হালিম শেখ ও সায়রা বিবি আহত হন। তাঁদের ভগবানগোলা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে হালিম শেখের অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাতে সেখানেই তাঁর মৃত্যু হয়। সেই খবর আসার পরে সোমবার সকালে অগ্নিগর্ভ হয়ে ওঠে পুরো গ্রাম। অভিযোগ, হালিম শেখের গোষ্ঠীর লোকজন প্রথমে ইসলাম শেখের আত্মীয়দের বাড়িতে নির্বিচারে ভাঙচুর করে ও আগুন ধরিয়ে দেয়। প্রথমে পালিয়ে গেলেও পরে পাল্টা হামলা করে ইসলাম শেখ গোষ্ঠীর লোকজনও। দু’পক্ষের মোট চোদ্দোটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় আসে বিশাল পুলিশ বাহিনী। চলে আসেন মুর্শিদাবাদ জেলার অতিরিক্ত পুলিশ সুপার তন্ময় সরকার এবং লালবাগ মহকুমার পুলিশ আধিকারিক বরুণ বৈদ্য। দমকল এসে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। এলাকায় এখন পুলিস টহল দিচ্ছে। এই ঘটনায় এখনও পর্যন্ত পুলিশ তিন জনকে আটক করেছে।