মাংসের লোভ দেখিয়ে কুকুরকে ডেকে কোপাল যুবক, কোচবিহারে নৃশংস ঘটনা
দ্য ওয়াল ব্যুরো, কোচবিহার: ফের পথ কুকুরের উপর নৃশংস আক্রমণের ঘটনা ঘটল। এবার উত্তরবঙ্গের কোচবিহার। অভিযোগ, খাবারের লোভ দেখিয়ে একটি পথ কুকুরকে ডেকে তার গায়ে একের পর এক কোপ মেরেছে ১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কুন্তল কর নামের এক যুবক।
রবিবার এই
শেষ আপডেট: 28 June 2020 09:10
দ্য ওয়াল ব্যুরো, কোচবিহার: ফের পথ কুকুরের উপর নৃশংস আক্রমণের ঘটনা ঘটল। এবার উত্তরবঙ্গের কোচবিহার। অভিযোগ, খাবারের লোভ দেখিয়ে একটি পথ কুকুরকে ডেকে তার গায়ে একের পর এক কোপ মেরেছে ১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কুন্তল কর নামের এক যুবক।
রবিবার এই ঘটনাটি ঘটে কোচবিহার শহরের তল্লিতলা এলাকায়। স্থানীয়রা জানিয়েছেন, মুরগির মাংসের লোভ দেখিয়ে একটি কুকুরকে ডেকে এনে তাকে ধারালো অস্ত্রের কোপ মারে ওই যুবক। স্থানীয়রা কুকুরটির অস্বাভাবিক চিৎকার শুনে ছুটে গেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পশুদের নিয়ে কাজ করা একটি স্বেচ্ছাসেবী সংস্থার কয়েকজন সদস্য । তাঁরাই ক্ষতবিক্ষত কুকুরটিকে নিয়ে স্থানীয় পশু চিকিৎসা কেন্দ্রে নিয়ে গিয়ে চিকিৎসা করেন । এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্ত যুবককে গ্রেফতারের দাবি করেছেন অনেকেই। কোতোয়ালি থানার এক আধিকারিক জানিয়েছেন, এই বিষয়টি নিয়ে নির্দিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে । অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করা হবে ।

অবলা সারমেয়কে নৃশংস ভাবে কোপানোর ঘটনা নিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন সকলে। স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা বলেন, এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। মানুষ এতটা নৃশংস হতে পারে তা ভাবাই যায়না । কী কারণে ওই যুবক এমন ঘটনা ঘটাল তাও বুঝতে পারছেন না স্থানীয়দের অনেকে।
গত বছর এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ১৬টি কুকুর ছানাকে পুড়িয়ে মারার ঘটনায় তোলপাড় পড়ে গিয়েছিল রাজ্যে। সম্প্রতি কেরলে একটি অন্তঃসত্ত্বা হাতিকে আনারসের মধ্যে বিস্ফোরক খাইয়ে মারার ঘটনায় তোলপাড় হয়েছিল গোটা দেশ। ঝড় বয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। উত্তরপ্রদেশেও একটি পথ কুকুরকে অ্যাসিড ছোড়ার ঘটনায় আন্দোলিত হয়েছিল সোশ্যাল মিডিয়া। এবার পশুদের সঙ্গে মানুষের নৃশংসতার আরও এক নজির তৈরি হল কোচবিহারে। ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা। তাঁদের দাবি, অভিযুক্তকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিক প্রশাসন।