দ্য ওয়াল ব্যুরো: যাঁরা মীন ধরে বাজারে বেচতেন এখন তাঁদের সমুদ্রে নামতে দেওয়া হচ্ছে না। যাঁরা ফেরি করতেন ‘হরেক মাল’ এখন তাঁদের খদ্দের নেই। যাঁরা দিন মজুরের কাজ করতেন এখন তাঁদের কাজ নেই। সব মিলিয়ে রোজগার বন্ধ হয়ে গেছে অনেকের। খাবারও জুটছিল না। হলদিয়ার এমন ৬৫টি পরিবারের পাশে দাঁড়াল হলদিয়া বীরাঙ্গনা মাতঙ্গিনী সেবাশ্রম। এই পরিবারগুলির মধ্যে তারা বিতরণ করল চাল, ডাল, আলু, তেল, নুন ও সাবান।
এইসব পরিবার দিন আনে দিন খায়। তা সত্ত্বেও অনেকেরই বিপিএল রেশন কার্ড নেই তার বদলে রয়েছে এপিএল রেশন কার্ড। সেজন্য সরকারি বিনামূল্যের রেশনের চালও মিলছে না। ডিলাররা জানিয়েছেন যে রেশনের মাল ইতিমধ্যেই তাঁদের কাছে এসে পৌঁছেছে। গাড়িকে ভাড়া গুণে আনতে হয়েছে মাল। তাই ওই সব জিনিস বিনামূল্যে দেওয়া হবে কিনা তা আজ জানা যাবে তারপর বণ্টন হবে।
খাবার না জোটায় এইসব পরিবারের অধিকাংশই প্রায় অনাহারে দিন কাটাচ্ছিলেন। এঁরা সকলেই হলদিয়া ভবনের কাছে বিষ্টুরামচকে হলদিয়া বন্দরের ফাঁকা জমিতে বসবাস করেন।
কাঁথি ও মনোহরচকের একাধিক ক্লাবও এদিন একেবারে দরিদ্র পরিবারগুলির হাতে চাল, আলু, পেঁয়াজ, বিস্কুট ও সাবান তুলে দেয়। তারা সচেতনতা কর্মসূচিও পালন করে। এদিন সব মিলিয়ে তারা অন্তত এক হাজার জনকে সাহায্য করে। বিভিন্ন ক্লাবের পক্ষ থেকে আগামী দিনেও এই ধরনের কর্মসূচি পালন করা হবে বলে জানা গেছে।