দ্য ওয়াল ব্যুরো: বুধবার রাত নটা থেকে বৈঠক শুরু হয়েছিল সিপিএম রাজ্য দফতরে। সেখানে ছিলেন বিমান বসু, মহম্মদ সেলিম, আবদুল মান্নান, প্রদীপ ভট্টাচার্য এবং আব্বাসের দলের প্রতিনিধি নৌসাদ সিদ্দিকি। কিন্তু বৈঠক যখন শেষ হল তখন পাখি ডাকতে শুরু করে দিয়েছে। ভোর হয় হয়! কিন্তু আব্বাস সিদ্দিকির দল আইএসএফ-এর সঙ্গে এখনও রফাসূত্র চূড়ান্ত হল না বাম-কংগ্রেসের। ফলে বৃহস্পতিবার দুপুরের পর ফের একপ্রস্থ বৈঠক হতে পারে তাঁদের মধ্যে।
বাম শিবিরের একাংশের বক্তব্য, আসন রফা বা জোটের ক্ষেত্রে বৈঠক দীর্ঘক্ষণ হওয়ার অর্থ তা ইতিবাচক। শুধু সংখ্যা নিয়ে আলোচনা নয়, নির্দিষ্ট আসন ধরে আলোচনা চলছে। তাঁদের বক্তব্য, ভোর রাত পর্যন্ত বৈঠকের পর ফের আরও এক দফা বৈঠকের সিদ্ধান্ত মানে আলোচনা এগোচ্ছে এবং তা ইতিবাচক।
আব্বাসের দলের সঙ্গে মূলত সংঘাত হচ্ছে কংগ্রেসের আসনের। মুর্শিদাবাদ, মালদহ, উত্তর দিনাজপুরে কংগ্রেস তাদের আসন ছাড়বে না বলে সাফ জানিয়ে দিয়েছে। দক্ষিণবঙ্গেও এমন সংখ্যালঘু অধ্যুষিত আসন আইএসএফ দাবি করছে বলে খবর তার মধ্যে কিছু ষোলর ভোটে কংগ্রেসের জেতা।
আব্বাসের দলের তালিকা নিয়ে আজ মান্নানসাহেব, অধীর চৌধুরী এবং প্রদীপ ভট্টাচার্য বৈঠক করবেন। তারপর তা জানানো হবে আইএসএফকে। আবদুল মান্নান ঘনিষ্ঠ মহলে বলেছেন, কংগ্রেসের যে আসন সংখ্যা এখনও পর্যন্ত নির্ধারিত তা যদি বাড়ানো হয় তাহলে সেখান থেকে কিছু আসন আব্বাসের দলকে ছাড়া যেতে পারে। ফলে যা ত্যাগ করার তা বামেদেরই করতে হবে। শুধু সিপিএম নয়, সেখানে ফ্রন্টের শরিক দলের বিষয়টিও রয়েছে।
যদিও বামেরা এ ব্যাপারে নমনীয় বলে আব্বাসের দলের নেতারা জানিয়েছেন। আব্বাস আগেই জানিয়েছেন তাঁরা ৭২টি আসন দাবি করেছেন। তাঁর বক্তব্য, তার মানে এই নয় আমাদের এই সংখ্যাই দিতে হবে আবার এও নয় যে ১০টা আসন ঠেকিয়ে ছেড়ে দিলে তা মেনে নেওয়া হবে।
মঙ্গলবার অধীর চৌধুরী, বিমান বসু জানিয়েছিলেন বাম কংগ্রেসের সমঝোতা সম্পূর্ণ হয়ে গেছে। কিন্তু বেশ কিছু দল জোটে সামিল হতে চাইছে। তাই এখনই আসন সংখ্যা ঘোষণা করা হচ্ছে না। তারপর বুধবার মাঝ রাত পর্যন্ত বৈঠক চলে আব্বাসের দলের সঙ্গে। বাম-কংগ্রেস চাইছে ২০ ফেব্রুয়ারির মধ্যে বিষয়টি সম্পন্ন করতে। সেক্ষেত্রে ২৮-এ ব্রিগেডের মঞ্চে আব্বাস বক্তা হতে পারেন। তাঁর দলেরও জমায়েত ঘটতে পারে। আব্বাসের দলের সঙ্গে কথা চালানোর পাশাপাশি আরজেডি, এনসিপি, জেডিএস প্রতিনিধিদের সঙ্গে বসতে চলেছেন বাম নেতৃত্ব। তাঁদের একটি, দুটি করে আসন ছাড়া হতে পারে।