ব্রিগেডে যোগ দিতে এসে নিখোঁজ জলপাইগুড়ির বাসিন্দা, খোঁজ শুরু পুলিশের
দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি : স্ত্রীকে নিয়ে এলাকার আরও কয়েকজনের সঙ্গে এসেছিলেন ব্রিগেডের সভায়। কিন্তু সভার মাঝে খাবার কিনতে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন জলপাইগুড়ির এক ব্যক্তি। পুলিশে যোগাযোগ করেও খবর মেলেনি তাঁর।
জলপাইগুড়ির কোতোয়ালি থানার অন্তর্ঘত
শেষ আপডেট: 21 January 2019 20:38
দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি : স্ত্রীকে নিয়ে এলাকার আরও কয়েকজনের সঙ্গে এসেছিলেন ব্রিগেডের সভায়। কিন্তু সভার মাঝে খাবার কিনতে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন জলপাইগুড়ির এক ব্যক্তি। পুলিশে যোগাযোগ করেও খবর মেলেনি তাঁর।
জলপাইগুড়ির কোতোয়ালি থানার অন্তর্ঘত পাংগা প্লেন ঘাটি এলাকার বাসিন্দা পরিমল রায়। ১৬ তারিখ এলাকার ৩২ জনের একটি দল স্থানীয় তৃণমূল নেতা তুষার কামতির নেতৃত্বে ব্রিগেডে যোগ দেওয়ার জন্য কলকাতায় আসেন। সঙ্গে ছিলেন পরিমলবাবুর স্ত্রী গীতা রায়ও। দু'দিন কলকাতাতেই ছিলেন তাঁরা। বেশ কিছু জায়গাতেও ঘুরেছেন। এরপর ১৯ তারিখ সবাই মিলে সভায় গিয়ে উপস্থিত হন।
জানা গিয়েছে, সভা চলাকালীন খিদে পাওয়ায় স্ত্রীর কাছ থেকে ১০০ টাকা নিয়ে খাবার কিনতে গিয়েছিলেন পরিমলবাবু। আর ফেরেননি। অনেকক্ষণ অপেক্ষা করে থাকার পরেও তিনি না ফেরায় সঙ্গের লোকেরা তুষারবাবুকে সে কথা জানান। তুষারবাবু সে কথা কলকাতার নেতাদের কাউকে জানান। সেই নেতারা তাঁদের নিয়ে যান ভবানীপুর থানায়। সেখানে গিয়ে তাঁরা মৌখিকভাবে নিখোঁজের অভিযোগ জানান বলে খবর। স্থানীয় নেতারা তাঁদের আশ্বস্ত করলে তাঁরা জলপাইগুড়ি ফিরে যান।
কিন্তু ঘটনার দু'দিন পার হয়ে যাওয়ার পরেও কোনও খবর মেলেনি পরিমল রায়ের। ফলে সোমবার পরিমলবাবুর স্ত্রী গীতা রায় ও কয়েকজন মিলে গিয়ে জলপাইগুড়ির কোতোয়ালি থানায় পরিমলবাবুর নিখোঁজের ব্যাপারে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জলপাইগুড়ির পুলিশ সুপার অমিতাভ মাইতি জানিয়েছেন, কোতোয়ালি থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে। ইতিমধ্যেই পুলিশ কাজে নেমে পড়েছে। পুলিশের তরফে পরিমলবাবুকে খোঁজার জন্য সবরকম চেষ্টা করা হবে।