করোনা আক্রান্ত স্বাস্থ্যকর্তার মৃত্যুতে শোক জ্ঞাপন মমতার, কারণ উল্লেখ না করায় নিন্দা বাবুলের
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের অতিরিক্ত স্বাস্থ্য অধিকর্তা বিপ্লব দাশগুপ্তর মৃত্যুতে শোক জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে মুখ্যমন্ত্রী লেখেন, "মানবতার জন্য তাঁর আত্মত্যাগ আজীবন আমাদের হৃদয়ে থেকে যাবে এবং আ
শেষ আপডেট: 26 April 2020 11:05
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের অতিরিক্ত স্বাস্থ্য অধিকর্তা বিপ্লব দাশগুপ্তর মৃত্যুতে শোক জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে মুখ্যমন্ত্রী লেখেন, "মানবতার জন্য তাঁর আত্মত্যাগ আজীবন আমাদের হৃদয়ে থেকে যাবে এবং আমাদের করোনা যোদ্ধাদের আরও প্রতিজ্ঞাবদ্ধ করবে।"
https://twitter.com/mamataofficial/status/1254311533418446848?s=12
মুখ্যমন্ত্রীর এই টুইট নিয়েও সমালোচনা শুরু হয়ে গিয়েছে। মমতা তাঁর টুইটে বিপ্লববাবুর মৃত্যুর কারণ উল্লেখ না করায় বাবুল বলেন, "মুখ্যমন্ত্রী এখনও চাতুর্যের সঙ্গে শব্দ নিয়ে খেলা করছেন। উনি যে করোনা আক্রান্ত হয়েই মারা গিয়েছেন সেকথা বলেননি।"
https://twitter.com/SuPriyoBabul/status/1254351415658463235
ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের তরফেও একটি শোকবার্তা প্রকাশ করা হয়েছে। তাতে উল্লেখ রয়েছে বিপ্লবকান্তি দাশগুপ্ত কোভিড-১৯ আক্রান্ত ছিলেন। মুখ্যমন্ত্রীর টুইট ও ডক্টরস ফোরামের বিবৃতি পাশাপাশি বসিয়ে টুইটও করেন বাবুল।
প্রসঙ্গত, গত ১৭ এপ্রিল কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ে বিপ্লববাবুর। বেশ কয়েকদিন বেলেঘাটা আইডি হাসপাতালে চিকিৎসা চলার পর তাঁর অবস্থার অবনতি হওয়ায় ভর্তি করা হয় সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে। শনি-রবিবার মাঝের রাতে সেখানেই তাঁর মৃত্যু হয়েছে। সূত্রের খবর মাস আটেক আগে হৃদরোগের জন্য এসএসকেএম হাসপাতালে তাঁর চিকিৎসা হয়েছিল। অত্যধিক মাত্রায় সুগার এবং হাইপার টেনশন ছিল বলেও জানা গেছে।
ডক্টরস ফোরামের তরফে শোক বার্তায় বলা হয়েছে, এই প্রথম করোনা আক্রান্ত হয়ে স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত কারও মৃত্যু হল রাজ্যে। ওই শোকবার্তায় ডক্টরস ফোরাম জানিয়েছে, প্রয়াত অতিরিক্ত স্বাস্থ্য অধিকর্তার স্ত্রীও করোনা আক্রান্ত হয়ে পড়েছেন। তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছে চিকিৎসক সংগঠনটি।

বিজেপির বক্তব্য, একজন স্বাস্থ্য অধিকর্তা করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন, সেটাকেও বেমালুম চেপে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না। মুখ্যমন্ত্রীর টুইটে মৃত্যুর কারণ উল্লেখ না করাকে তথ্য গোপন বলেই মনে করছে গেরুয়া শিবির।
তৃণমূলের নেতাদের বক্তব্য, "মুখ্যমন্ত্রী তো তাঁর শোক বার্তায় করোনা যোদ্ধা হিসেবেই বিপ্লববাবুকে উল্লেখ করেছেন। স্বাস্থ্য ভবনের কোনও বক্তব্য আসার আগেই বিজেপি নেতাদের এহেন বক্তব্য নিচু শ্রেণির রাজনীতি ছাড়া আর কিছুই নয়।"
কী কারণে বিপ্লববাবুর মৃত্যু হয়েছে তা নিয়ে এখনও কিছু স্পষ্ট করেনিন স্বাস্থ্য ভবন। তবে সরকারি সূত্রে জানা গেছে, অডিট কমিটির কাছে সমস্ত তথ্য গেছে তাঁরাই সিদ্ধান্ত নেবেন করোনাতেই অতিরিক্ত স্বাস্থ্য অধিকর্তার মৃত্যু হয়েছে কিনা।