দ্য ওয়াল ব্যুরো: বারাসত পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডের নতুনপুকুর অশ্বিনীপল্লি এলাকায় অবশেষে ধরা পড়ল বেশ কিছুদিন ধরে আঁচড়ে-কামড়ে বেড়ানো একটি বাঁদর। বৃহস্পতিবার সন্ধ্যাতেও বাঁদরটি একটি শিশুকে কামড়ে ছিল। ওই বাঁদরের উৎপাতে এলাকার লোকজন অতিষ্ঠ হয়ে উঠেছিলেন।
কেউ উত্ত্যক্ত না করলেও বাঁদরটি অতর্কিতে হামলা করছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় একটি শিশু যখন পড়াশোনা করছিল তখন আচমকাই সেই বাঁদরটি এসে ঘরের ভিতরে ঢুকে তাকে কামড়ে দেয়। আহত হওয়ার পাশাপাশি শিশুটি আতঙ্কিতও হয়ে পড়ে।
আজ শনিবার সকালে স্থানীয় এক যুবককের তৎপরতায় বাঁদরটি ধরা পড়ে। বারাসতের একটি স্কুলের ঘরে সেটিকে আটকে রাখা হয়। খবর দেওয়া হয় বন দফতরে। এলাকার কাউন্সিলর সমীর তালুকদার বলেন, “বেশ কিছুদিন ধরে বাঁদরটি এলাকার অনেক লোককে আহত করছিল। লোকে বাড়ি থেকে বেরোতেই ভয় পাচ্ছিলেন। বাড়ির ভিতরে ঢুকেও সেটি অনিষ্ট করছিল। আজ সকালে স্থানীয় একজন পশুপ্রেমী যুবক বাঁদরটিকে তৎপরতার সঙ্গে ধরে ফেলেন।”
বারাসত রেঞ্জার ২-এর অফিস থেকে বনকর্মীরা ঘটনাস্থলে গিয়ে বাঁদরটিকে উদ্ধার করে রথতলার কাছে স্থানীয় অভয়ারণ্যে ছেড়ে দেন।