দ্য ওয়াল ব্যুরো: কাজের দাবি তো বটেই সঙ্গে জল ও বিদ্যুতের দাবিতে শ্রমিক বিক্ষোভ হল উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের পিরগাছার ইস্টার্ন স্পিনিং মিলে। লকডাউনের মাঝে কর্মহীন শ্রমিকদের জল ও বিদ্যুতের লাইন মালিক পক্ষ কেটে দিয়েছে বলে অভিযোগ। একে রোজগার নেই তার উপরে এই গরমে জল ও বিদ্যুৎ ছাড়া তাঁরা কী ভাবে থাকবেন ভেবে উঠতে পারছেন না শ্রমিকরা।
বারাসত লাগোয়া দত্তপুকুর থানা এলাকার পিরগাছার ইস্টার্ন স্পিনিং মিলের শ্রমিকরা জানিয়েছেন লকডাউনের ফলে তাঁরা কর্মহীন হয়ে পড়েছেন। এই অবস্থায় মালিক পক্ষ শ্রমিক আবাসনের বিদ্যুৎ ও জলের লাইন বিচ্ছিন্ন করে দিয়েছে বলে তাঁদের অভিযোগ। বুধবার সকালে জল ও বিদ্যুতের দাবিতে অন্তত পাঁচশো জন শ্রমিক বিক্ষোভ দেখাতে শুরু করেন। ঘটনাস্থলে আসে কদম্বগাছি ফাঁড়ির পুলিশ। তখন পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন শ্রমিকরা।
পিরগাছার ইস্টার্ন স্পিনিং মিলের প্রোডাকশন ম্যানেজার মুরারীলাল শর্মা বলেন, “এঁদের যা সমস্যা আছে আমাকে লিখিত ভাবে দিয়ে দিক। আমি মালিকের কাছে পাঠিয়ে দেব। তাঁরা যা নির্দেশ দেবেন আমি তা পালন করব।”
শ্রমিকরা অবশ্য জানিয়েছেন যে কাজের দাবিতে আগেও তাঁরা লিখিত দিয়েছেন কিন্তু কর্তৃপক্ষ তাতে আমল দেয়নি। এখন জল ও বিদ্যুতের লাইন কেটে দেওয়ায় তাঁরা আতান্তরে পড়েছেন। পুলিশের আশ্বাসে বিক্ষোভ উঠলেও পরিবেশ এখনও থমথমে। এলাকায় উত্তেজনা থাকায় কারখানার গেটে পুলিশ পিকেটিং করা হয়েছে।
লকডাউনের ফলে অধিকাংশ কারখানা পুরোপুরি বন্ধ। কম সংখ্যক শ্রমিক নিয়ে কাজের ব্যাপারে প্রশাসন ছাড় দিলেও কারা কাজ পাবেন আর কারা পাবেন না তা নিয়ে দ্বন্দ্ব থাকায় বহু কারখানায় কাজ শুরু করা যায়নি। যেখানে কাজ বন্ধ রয়েছে সেখানে শ্রমিকরা বেতন পাচ্ছেন না বলে অভিযোগ। রেশনটুকুই তাঁদের সম্বল। রোজগার নেই। এই অবস্থায় গরমের মধ্যে বিদ্যুৎ ও জলের সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় পিরগাছার ইস্টার্ন স্পিনিং মিলের শ্রমিকরা এখন ভীষণ সমস্যায়।