আজ মরশুমের শীতলতম দিন, রাতে পারদ নামতে পারে ১০ ডিগ্রিতে
দ্য ওয়াল ব্যুরো: উত্তুরে হাওয়ার দাপটে কনকনে শীতে কাঁপছে বাংলা। বুধবার থেকেই ক্রমশ নামছে পারদ। শুক্রবার শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১১.৬ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিস জানিয়েছে আজই মরশুমের শীতলতম দি
শেষ আপডেট: 20 December 2019 07:53
দ্য ওয়াল ব্যুরো: উত্তুরে হাওয়ার দাপটে কনকনে শীতে কাঁপছে বাংলা। বুধবার থেকেই ক্রমশ নামছে পারদ। শুক্রবার শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১১.৬ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিস জানিয়েছে আজই মরশুমের শীতলতম দিন। রাতের দিকে পারদ নামতে পারে ১০ ডিগ্রি সেলসিয়াসের কোঠায়।
সপ্তাহ শেষ তাপমাত্রা আরও নামতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পাশাপাশি কলকাতা-সহ দক্ষিণবঙ্গের মোট ১১ জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতাও জারি করেছে হাওয়া অফিস। আবহাওয়া দফতর জানিয়েছে দুই চব্বিশ পরগনা, পুরুলিয়া, হুগলি, হাওড়া, দুই বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, নদিয়া, মুর্শিদাবাদ এবং কলকাতায় শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কেটে গিয়েছে পুরোপুরি। ফলে উত্তুরে হাওয়া প্রবেশের পথে আর বাধা নেই। উত্তর-পশ্চিম হিমালয় পার্বত্য এলাকা থেকে ঠান্ডা হাওয়া ঢুকছে বাংলায়। তার জেরেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা এখন কাঁপছে। পৌষের শুরুতেই একলাফে পারদ পতন হয়েছে প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস। সপ্তাহ শেষে হাড়কাঁপানো শীত যে আরও বাড়বে সে পূর্বাভাস আগেই দিয়েছে হাওয়া অফিস। একধাক্কায় পারদ অনেকটাই নামবে পশ্চিমাঞ্চলের জেলাগুলোতেও। ইতিমধ্যেই মেদিনীপুর, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া-সহ একাধিক পশ্চিমাঞ্চলের জেলায় পারদ নেমেছে ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে। কোথা কোথাও তাপমাত্রা পৌঁছে গিয়েছে ৮ ডিগ্রি সেলসিয়াসের কোঠায়।
চলতি সপ্তাহের বুধবার থেকেই উত্তুরে হাওয়ার দাপটে রাতারাতি অনেকটাই নেমেছে তাপমাত্রা। আবহাওয়া দফতরের পূর্বাভাস আগামী কয়েকদিনও কনকনে ঠান্ডায় কাঁপতে হবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাকে। শুক্রবার রাতেই তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের।