দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাসের থাবা মল্লিক পরিবারে। করোনা আক্রান্ত হয়েছেন রঞ্জিত মল্লিক, তাঁর স্ত্রী দীপা মল্লিক, মেয়ে কোয়েল মল্লিক ও জামাই নিসপাল সিং রানে। শুক্রবার সন্ধেবেলা টুইট করে নিজেই এই খবর দিয়েছেন কোয়েল।
এদিন টুইট করে কোয়েল লেখেন, “বাবা, মা রানে ও আমি করোনা আক্রান্ত হয়েছি। সবাই হোম কোয়ারেন্টাইনে রয়েছি।” অবশ্য সদ্যোজাতর বিষয়ে কিছু জানাননি টলি অভিনেত্রী।
https://twitter.com/YourKoel/status/1281582466860384256?s=19
সূত্রের খবর, রঞ্জিত, দীপা ও কোয়েলের শরীর একটু খারাপ হয় দু’সপ্তাহ আগে। তখনই তাঁদের মধ্যে করোনার কিছু উপসর্গ দেখা গিয়েছিল। সর্দি, কাশি হয়েছিল তাঁদের। দু’দিন আগেই তাঁদের লালা নমুনা পরীক্ষার জন্য নেওয়া হয়। তারই রিপোর্ট আসলে দেখা যায় আক্রান্ত হয়েছেন তিনজন। নমুনা পরীক্ষা করা হয় কোয়েলের স্বামী প্রযোজক নিসপাল সিং রানেরও। তাঁরও রিপোর্ট পজিটিভ আসে।
জানা গিয়েছে, এই মুহূর্তে ভবানীপুরে বাপের বাড়িতেই রয়েছেন কোয়েল। সবাই হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। এখন অবশ্য কারও মধ্যে তেমন অসুস্থতা নেই বলেই খবর। কিন্তু তারকারা সাধারণত সব নিয়ম কানুন মেনে চলেন। তার উপর সদ্য মা হয়েছেন কোয়েল। তাই কী ভাবে তাঁরা আক্রান্ত হলেন, সেটাই ভাবাচ্ছে সবাইকে।
মে মাসে মা হয়েছেন কোয়েল। ছেলে হয়েছে তাঁর। কিন্তু ছেলে হওয়ার পরেই সোশ্যাল মিডিয়ায় খবর ছড়িয়ে পড়ে তাঁর ছেলে নাকি অসুস্থ। এমনকি এক বন্ধুর সন্তানের ছবিকে তাঁর সন্তান হিসেবে ছড়িয়ে দেওয়া হয় সোশ্যাল মিডিয়ায়। এই ঘটনায় খুবই ক্ষুব্ধ হয়েছিলেন কোয়েল। ফেসবুকে তার প্রতিবাদও করেন। এই ধরনের ঘৃণ্য কাজের নিন্দা করেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় কয়েক দিন আগেও অ্যাকটিভ ছিলেন কোয়েল। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরে দু’দিন আগে সোশ্যাল মিডিয়ায় মানসিক অবসাদ নিয়ে সকলকে সতর্ক করেছিলেন অভিনেত্রী। সেই সোশ্যাল মিডিয়াতেই নিজের গোটা পরিবারের করোনা আক্রান্ত হওয়ার খবর দিলেন তিনি।