
শেষ আপডেট: 10 November 2019 08:10
কান্তিবাবু এখন পূর্ব কলকাতায় থাকলেও, রায়দিঘিতে তাঁর নিয়মিত যাতায়াত রয়েছে। সেখানে একটি বাড়িও রয়েছে তাঁর। শনিবার সেই বাড়িতেই খুলে বসলেন আশ্রয় শিবির। সেখানে রাতে ঠাঁই নিলেন কয়েকশো মানুষ। খিচুড়ি রান্না করে তাঁদের খাওয়ালেন সিপিএম নেতা।
রবিবার সকালেও দেখা গেল গ্রামে গ্রামে ঘুরছেন। আট থেকে আশি সবাই তাঁদের সমস্যার কথা জানাচ্ছেন ‘কান্তিদা’কে। আয়লার সময়েও দেখা গিয়েছিল মাটি কেটে নদীবাঁধ মেরামতির কাজ করতে। কিন্তু তখন রাজ্যে বামেদের সরকার। কান্তিবাবু মন্ত্রী। এখন সেসব নেই। কান্তিবাবু বললেন, “মানুষের পাশে থাকার জন্য আবার সরকার লাগে নাকি!”
২০১১ ও ১৬-র ভোটে রায়দিঘিতে হারতে হয়েছে কান্তি গঙ্গোপাধ্যায়। দু’বারই তাঁকে হারিয়ে বিধানসভায় গিয়েছেন অভিনেত্রী দেবশ্রী রায়। ভোটে হারলেও বদল নেই কান্তিবাবুর।
ইতিমধ্যেই বুলবুল বিদায় নিয়েছে। আবহাওয়াও পরিষ্কার হতে শুরু করেছে। কিন্তু ক্ষতি হয়েছে বিরাট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সিদ্ধান্ত নিয়েছেন, উত্তরবঙ্গ সফর বাতিল করে আগামী সপ্তাহে বুলবুল কবলিত এলাকায় যাবেন। করবেন প্রশানিক বৈঠক। অন্যদিকে প্রচারবিমুখ কান্তিবাবুও ঠিক করেছেন, আগামী কয়েকটি দিন রায়দিঘিতেই থাকবেন তিনি।