আড়াই হাজার কিলোমিটার হাঁটবেন জেএনইউ ছাত্রী নিজারা, পরিবেশ বাঁচানোই লক্ষ্য
দ্য ওয়াল ব্যুরো: পরিবেশ বাঁচাতে প্রায় আড়াই হাজার কিলোমিটার পথ হাঁটছেন জেএনইউয়ের ছাত্রী নিজারা ফুকন। 'সেভ নেচার ফর ফিউচার' এই দাবিতেই পদযাত্রা শুরু করেছেন নিজারা। অসমের চড়াই দেও এলাকার বাসিন্দা নিজারা বর্তমান জেএনইউতে গবেষণা করছেন। তবে এর পা
শেষ আপডেট: 12 January 2020 11:42
দ্য ওয়াল ব্যুরো: পরিবেশ বাঁচাতে প্রায় আড়াই হাজার কিলোমিটার পথ হাঁটছেন জেএনইউয়ের ছাত্রী নিজারা ফুকন। 'সেভ নেচার ফর ফিউচার' এই দাবিতেই পদযাত্রা শুরু করেছেন নিজারা। অসমের চড়াই দেও এলাকার বাসিন্দা নিজারা বর্তমান জেএনইউতে গবেষণা করছেন। তবে এর পাশাপাশি 'বৃক্ষ বন্ধু' নামে একটি সেচ্ছাসেবী সংগঠনের সম্পাদিকা তিনি।
অসমের চড়াই দেও থেকে গত ১ ডিসেম্বর হাঁটা শুরু করেছেন নিজারা। গন্তব্য রাষ্ট্রপতি ভবন। তিন মাসের মধ্যে নিজের অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে চান নিজারা। পরিবেশের অধিকারকে সংবিধানের অন্তর্ভুক্ত করা-সহ একগুচ্ছ দাবিতে এই অভিনব প্রতিবাদে সামিল হয়েছেন জেএনইউয়ের এই ছাত্রী। প্রায় আড়াই হাজার কিলোটার রাস্তা একাই হাঁটবেন নিজারা। শনিবার বিকেলে ধূপগুড়ি এসে পৌঁছন তিনি। সেখানে তাঁকে কর্ডন করে এনে সংবর্ধনা দিয়েছে ধূপগুড়ি থানার পুলিশ কর্মীরা। রাতে ধূপগুড়ি থানার অতিথি হিসেবে ছিলেন তিনি। রবিবার সকালে ফের রওনা দিয়েছেন নিজারা। মোট ৮ দফা দাবিতে পথে নেমেছেন এই পড়ুয়া। ২০২০ সালের মধ্যে পরিবেশ অধিকার আইন সংবিধানে অন্তর্ভুক্ত করা, উত্তরপূর্ব ভারতে দেশের প্রথম পরিবেশ সংক্রান্ত বিশ্ববিদ্যালয় স্থাপন করা, পরিবেশ রক্ষার্থে সশস্ত্র বাহিনী তৈরী করা ইত্যাদি বিভিন্ন দাবি রয়েছে তাঁর।
গত কয়েকদিনে বেশ কয়েকবার সংবাদ শিরোনামে এসেছে দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের নাম। সাম্প্রতিক সময়ে নাগরিকত্ব সংশোধনী আইন এবং এনআরসি বিরোধী আন্দোলনে সরব হয়েছিলেন জেএনইউয়ের পড়ুয়ারা। তারপর গত রবিবার হামলা হয়েছিল জেএনইউয়ের সবরমতী হস্টেলে। এরপর সেখানে যান দীপিকা পাড়ুকোনও। ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ান তিনি। এইসব নানা ঘটনায় গত কয়েকদিন বহুবার বিভিন্ন প্রসঙ্গে উঠে এসেছে জেএনইউয়ের নাম। তবে এবার একদম অন্য কারণে ফের শিরোনামে জেএনইউ।