দ্য ওয়াল ব্যুরো: লকডাউনের ফলে দীর্ঘ দিন ধরে বন্ধ রয়েছে ভারত ও বাংলাদেশের মধ্যে আন্তর্জাতিক বাণিজ্য। কেন্দ্রীয় সরকারের প্রস্তাব মতো দুই দেশের বাণিজ্য আবার চালু করার প্রস্তাবে সায় দিয়েছে পেট্রাপোল ক্লিয়ারিং সংগঠন। প্রস্তাব অনুযায়ী সামাজিক দূরত্ব বাজায় রাখতে হবে এবং পেট্রাপোলের জিরো পয়েন্টে পণ্য খালি করতে হবে। বুধবার ভারত ও বাংলাদেশের মধ্যে বৈঠকে ভারতের পক্ষ থেকে এই প্রস্তাব করা হয়।
সূত্রের খবর, সম্প্রতি কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের উচ্চপদস্থ কর্তারা এ ব্যাপারে বৈঠক করেছেন। পেট্রাপোল ক্লিয়ারিং ও ব্যবসায়ী সমিতিগুলিকে বৈঠকের পরে জানানো হয় যে তাঁরা চাইলে পেট্রাপোল ও বেনাপোলের জিরো পয়েন্টে সামাজিক দূরত্ব বজায় রেখে আমদানি ও রফতানি চালু করতে পারে। সেই মতো আজ সকালে বেনাপোলের ক্লিয়ারিং ব্যবসায়ী ও কাউন্টার সমিতির সঙ্গে বৈঠক করেন পেট্রাপোল ক্লিয়ারিং ও ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরা। সেখানে ভারতের পক্ষ থেকে জিরো পয়েন্টে পণ্য খালি করার প্রস্তাব দেওয়া হয়। কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে ইতিবাচক কোনও উত্তর এখনও আসেনি। বৈঠকে উপস্থিত ব্যক্তিরা জানিয়েছেন যে তাঁরা তাঁদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এব্যাপারে সিদ্ধান্তের কথা জানাবেন।