দ্য ওয়াল ব্যুরোঃ গত কয়েক দিনে দিঘা মোহনায় ইলিশের যোগান বাড়ায় হাসি ফুটেছিল ব্যবসায়ীদের মুখে। কিন্তু সেই হাসি বেশিদিন টিকল না। শনিবার রাতে দিঘা মোহনায় মাছের দোকানে বিধ্বংসী আগুন লাগে। এই ঘটনায় বেশ কয়েকটি দোকান পুড়ে গিয়েছে বলে খবর। আগুনে পুড়ে নষ্ট হয়েছে প্রায় ২০ লাখ টাকার ইলিশ। এই ঘটনায় মাথায় হাত ব্যবসায়ীদের। ব্যাপক ক্ষতির মুখে তাঁরা।
সূত্রের খবর, শনিবার গভীর রাতে হঠাৎ আগুন লাগে দিঘা মোহনায় অবস্থিত মৎস্য নিলাম কেন্দ্রের অন্তর্গত একটি পাইকারি মাছের দোকানে। মুহূর্তের মধ্যে আশেপাশের দোকানগুলিতে আগুন ছড়িয়ে যায়। দ্রুত ছড়াতে থাকে আগুন। সমুদ্রের ধারের হাওয়ার জেরে আগুন অনেক তাড়াতাড়ি ছড়িয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। আগুন ছড়িয়ে পড়ে পাশের আরও দুটি মাছের দোকানেও।
জানা গিয়েছে, শুধু মাছের দোকান নয়, এই আগুনের গ্রাসে পাশের একটি মাংসের দোকান, তিনটি কাপড়ের দোকান, জুতোর দোকান, তিনটি সেলুন, দুটি হার্ডওয়্যারের দোকান ও দুটি খাবারের দোকান পুড়ে গিয়েছে। রাস্তার বিপরীত দিকে থাকা আরও ছ’টি দোকানও পুড়ে গিয়েছে বলে খবর।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুন লাগার সঙ্গে সঙ্গেই দমকলে খবর দেওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই সেখানে দমকলের দুটি ইঞ্জিন এসে পৌঁছয়। কিন্তু মোহনা এলাকায় প্রচুর মাছের দোকান থাকায় এলাকাটি এমনিতেই ঘিঞ্জি। ফলে আগুনের কাছাকাছি পৌঁছতে অনেকটাই সময় লাগে দমকলের।
জানা গিয়েছে, এখনও পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। পরে দমকলের আরও ইঞ্জিন সেখানে গিয়েছে। আগুন পুরোপুরি নেভানোর চেষ্টা করছেন তাঁরা। ব্যবসায়ীরা জানিয়েছেন, প্রায় ২০ লাখ টাকার ইলিশ মাছ পুড়ে গিয়েছে আগুনে। তবে শুধু তাই নয়, দোকানপাঠ সব পুড়ে গিয়েছে। সব মিলিয়ে কোটি টাকার বেশি সম্পত্তি নষ্ট হয়েছে বলে জানিয়েছেন তাঁরা। কী ভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি। তবে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে দমকল আধিকারিকদের প্রাথমিক অনুমান।
গত কয়েক দিন থেকেই দিঘায় ইলিশের যোগান বাড়ছে। দেখে মনে হচ্ছিল রাজ্যে ইলিশের ঘাটতি মিটবে। কিছুটা লাভের আশা দেখেছিলেন ব্যবসায়ী ও মৎস্যজীবীরা। তবে এই অগ্নিকান্ডের পরে তাঁদের লাভ তো নয়ই, বরং লোকসান কতটা হবে তা ভেবেই কুল কিনারা পাচ্ছেন না তাঁরা।