দ্য ওয়াল ব্যুরো: বই দেওয়া নিয়ে গুজবের জেরে লকডাউনের মধ্যে ভিড় এবং হাতাহাতি বেধে গেল দুর্গাপুরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে। মঙ্গলবার সকালে স্কুলের বাইরে শতাধিক অভিভাবকের ভিড় জমে যায়। সেখানে প্রথম থেকেই ছিল না সামাজিক দূরত্ব বজা রাখার বালাই। পরে বিশৃঙ্খলা সৃষ্টি হয়।
স্কুল থেকে কোনও বিজ্ঞপ্তি পাননি কেউই। তবু স্কুল থেকে বই দেওয়া শুরু হয়েছে সোমবার থেকে – এমন কথা শুনেই গুরু তেগ বাহাদুর স্কুলের বাইরে কয়েকশো অভিভাবক সকাল থেকে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকেন। অভিভাবকের সংখ্যা বাড়লে শুরু হয় বিশৃঙ্খলা। এরই মধ্যে দুই অভিভাবকের মধ্যে হাতাহাতি লেগে যায়। তবে স্কুল থেকে জানিয়ে দেওয়া হয় যে এদিন কোনও বই দেওয়া হবে না। পরে অবশ্য কুপন দেওয়া হয়।
সকাল সাড়ে ছটা থেকে অভিভাবকরা এভাবে ভিড় জমালেও বেলা পর্যন্ত পুলিশের দেখা মেলেনি বলে অভিযোগ। অবশ্য ভিড়ের কথা জানতে পেরেই বেলার দিকে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অর্পিতা পাঁজা নামে এক অভিভাবক বলেন, “স্কুল থেকে আমাদের কিছু জানানো হয়নি তবে লোকের মুখে শুনলাম যে স্কুল থেকে কয়েক জন বাচ্চাকে বই দেওয়া হয়েছে। তাই আমরা বই নিতে এসেছিলাম। এসে দেখি স্কুলের গেটের বাইরে মারামারি লেগে গেছে।”
স্কুলের অধ্যক্ষা সুতপা আচার্য বলেন, “বই দেওয়া হবে এমন কোনও বিজ্ঞপ্তি স্কুল থেকে দেওয়া হয়নি। তা সত্ত্বেও অভিভাবকরা কেন স্কুলের গেটে এসে বইয়ের জন্য ভিড় করলেন তা বুঝতে পারছি না।” দুর্গাপুরের মহকুমাশাসক অনির্বাণ কোলে বলেন, “বই দেওয়ার ব্যাপারে কোনও অনুমতি মহকুমাশাসকের দফতর থেকে মহকুমার কোনও স্কুলে দেওয়া হয়নি। তাই স্কুল থেকে বই বিতরণের প্রশ্নই ওঠে না।”