দ্য ওয়াল ব্যুরো: 'ভুয়ো খবর' সম্প্রচারের অভিযোগে আরামবাগ টিভি নামের একটি ইউটিউব চ্যানেলের বেশ কয়েকজনের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেছিল পুলিশ। তাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ইউটিউব চ্যানেলটির এডিটর সেখ সফিকুল ইসলাম। সেই মামলার শুনানির পর কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক নির্দেশ দিয়েছেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আরামবাগ টিভির কাউকে গ্রেফতার করতে পারবে না পুলিশ।
জোড়া মামলা দায়ের হয়েছিল আরামবাগ টিভির সম্পাদকের বিরুদ্ধে। একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে পুলিশ এবং অন্যটি এক ব্যক্তি। দুই মামলার ক্ষেত্রেই এই নির্দেশ প্রযোজ্য বলে জানিয়েছেন বিচারপতি দেবাংশু বসাক। এ ব্যাপারে প্রতিক্রিয়া জানার জন্য হুগলির পুলিশ সুপার তথাগত বসুকে ফোন করা হয়েছিল। কিন্তু তিনি ফোন তোলেননি। প্রতিক্রিয়া পাওয়া গেলে এই প্রতিবেদনে আপডেট করা হবে।
কী নিয়ে মামলা?
গত ১৩ এপ্রিল নিজেদের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও ফুটেজ প্রকাশ করে আরামবাগ টিভি। তাতে দাবি করা হয়, লকডাউনের মধ্যে আরামবাগ থানা থেকে ক্লাবগুলিকে চেক বিলি করছে পুলিশ। যদিও সেই ভিডিওর সত্যতা
দ্য ওয়াল যাচাই করে দেখেনি। এরপরই শোরগোল পড়ে যায় আরামবাগ মহকুমা জুড়ে। ছড়িয়ে পরে ভিডিওটি।
আরামবাগ টিভির এডিটর সেখ সফিকুল ইসলাম বলেন, "তারপর থেকে পুলিশ আমাদের ক্রমাগত চাপ দিতে থাকে, কোথা থেকে ওই খবর পেলাম, কারা ভিডিও ফুটেজ এবং ৫৭টি ক্লাবের তালিকা দিল তা বলতে হবে।" তাঁর অভিযোগ, পুলিশের কাছে আত্মসমর্পণ না করাতেই ভুয়ো খবরের মামলা করা হয়। যদিও যে এফআইআর-এর প্রতিলিপি
দ্য ওয়াল-এর হাতে এসেছে তাতে পুলিশই স্বীকার করে নিয়েছে ১১-১৪ এপ্রিল পর্যন্ত আরামবাগ থানা থেকে স্থানীয় ক্লাবগুলোকে চেক দেওয়া হয়েছে।

আরামবাগ টিভির হয়ে হাইকোর্টে সওয়াল করেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য এবং আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। সব্যসাচীবাবু বলেন, "পুলিশের এই মামলা রুজুর ঘটনা সরাসরি বাক স্বাধীনতার উপর আঘাত। এর আগে সন্ময় বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে যা হয়েছিল, এখানেও তাই হয়েছে। তবে রাজ্য সরকারকে আরও একবার শিক্ষা দিল হাইকোর্ট।"
বিরোধীদের বক্তব্য, ওই ক্লাবগুলোর মধ্যে অনেক ভুয়ো রেজিস্ট্রেশনের ক্লাব রয়েছে। বাস্তবে যার কোনও অস্তিত্বই নেই। শাসকদলের স্থানীয় নেতাদের টাকা লুঠের রাস্তা করে দিতেই লকডাউনের মধ্যে থানা থেকে তড়িঘড়ি চেক বিলি চলছিল। ছ'সপ্তাহ পর ফের এই মামলার শুনানি হবে হাইকোর্টে।