দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ দেড় মাসেরও বেশি সময় পরে দিল্লি থেকে এরাজ্যে এসে পৌঁছল যাত্রীবাহী ট্রেন – দিল্লি-হাওড়া এসি স্পেশ্যাল। তবে প্রথম দিনই লেট! সব লাইন কার্যত ফাঁকা থাকা সত্ত্বেও। দিল্লি থেকে বুধবার হাওড়ার উদ্দেশে রওনা হয়েছিল বিশেষ এই ট্রেন। বৃহস্পতিবার সকাল ৯.৫৫ মিনিটে হাওড়া পৌঁছনোর কথা থাকলেও ট্রেনটি ঢোকে সওয়া দু’ঘণ্টা দেরিতে অর্থাৎ দুপুর ১২.১০ নাগাদ। পূর্বরেলের মুখ্য জনসংযোগ আধিকারিক নিখিল চক্রবর্তী বলেন, “ট্রেন লেট করেছে জানি তবে কেন লেট করেছে সেবিষয়ে জানা নেই।”
হাওড়া স্টেশনের ৮ নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি আসে। করোনাভাইরাসের সংক্রমণ রুখতে লকডাউন চলাকালীন রাজ্যে শ্রমিক স্পেশ্যাল বাদে এই প্রথম যাত্রীবাহী ট্রেন এল। স্বাভাবিক ভাবেই যাত্রীদের সুরক্ষার বিশেষ বন্দোবস্ত করা হয়েছিল। ট্রেন ঢোকার আগে জীবাণুমুক্ত করা হয় প্ল্যাটফর্ম। রেলের পক্ষ থেকে স্টেশন চত্বরে যাত্রীদের সামাজিক দূরত্ব বজায় রেখে তাঁদের বাইরে নিয়ে যাওয়া হয়। যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা ও স্ক্রিনিং করা হয়। এরপর রাজ্য পুলিশ তাঁদের সরকারি বাসে তুলে দেয়। মাইকিং করে জানানো হয় কাকে কোন বাসে উঠতে হবে।
হাওড়ার ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার ঈশাক খান বলেন, “আজ ৭৭৯ জন যাত্রী নিয়ে হাওড়ায় ট্রেনটি এসে পৌঁছেছে। ট্রেন আসার আগে প্ল্যাটফর্ম স্যানিটাইজ করা হয়। সব যাত্রীকে স্যানিটাইজার দেওয়া হয়েছে। সকলের থার্মাল স্ক্রিনিং করা হয়েছে।”
দীর্ঘ দেড় মাস পরে ফিরতে পেরে খুশি ভাস্কর দাস, সর্বশ্রী বসু প্রমুখ যাত্রীরা। বিভিন্ন কাজে দিল্লি গিয়ে তাঁরা আটকে পড়েছিলেন।