দ্য ওয়াল ব্যুরো: সরকারি নির্দেশে সীমান্তে কাঁটাতারের বেড়া বন্ধ থাকায় ওপারে জমিতে চাষ করতে যেতে পারছেন না কৃষকরা। উত্তর ২৪ পরগনার বনগাঁ, বাগদা, গাইঘাটা প্রভৃতি এলাকার কৃষকরা অভিযোগ করেছেন যে ধান, পাট ও বিভিন্ন সবজির ক্ষতি হচ্ছে অথচ প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হচ্ছে না। জল না পেয়ে মাঠেই নষ্ট হচ্ছে শাকসবজি ও অন্য কৃষিজ ফসল।
মঙ্গলবার বাগদা থানার বয়রা কুলনন্দপুর গ্রামের কৃষকরা পুলিশের দ্বারস্থ হন। সেখানে আশ্বাস না পেয়ে তাঁরা বাগদা-বনগাঁ সড়কের নোমচাপোতায় রাস্তায় গাছের গুঁড়ি ফেলে অবরোধ শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বাগদার বিধায়ক দুলাল বর ও বাগদা থানার পুলিশ।
আধ ঘণ্টা ধরে অবরোধ চলার পরে কৃষকদের বুঝিয়ে আজকের মতো অবরোধ তুলে দেয় প্রশাসন। দুলাল বর বলেন, “বিএসএফের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আমাদের কথা হয়েছে। আগামীকাল (বুধবার) তাঁরা সমাধান করে দেওয়ার আশ্বাস দিয়েছেন।
পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ সীমান্তে ভারতের এমন অনেক জায়গা রয়েছে যেখানে চাষ করতে গেলে সীমান্তের কাঁটাতারের বেড়া পেরিয়েই যেতে হয়। বাড়ি এপারে হলেও ওপারে চাষ করতে যেতে হয় বলে সীমান্তের দরজা বন্ধ থাকলে সমস্যায় পড়েন কৃষকরা। আবার বেড়ার ওপারেও অনেক ভারতীয় থাকেন যাঁদের এপারে আসতে হয় নিত্যপ্রয়োজনে। বিশেষ করে চিকিৎসার কারণে। দেশজুড়ে লকডাউন চলায় এখন সীমান্ত বন্ধ। তাই তাঁরা সমস্যায় পড়েছেন।
চাষের জমি নিয়মিত পরিচর্যা করতে হয়। বিশেষ করে এই সময় বৃষ্টি হচ্ছে না বলে খেত শুকিয়ে যাচ্ছে। মাঠের ফসল মাঠেই শুকিয়ে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকরা।