দ্য ওয়াল ব্যুরো: উত্তর ২৪ পরগনার বসিরহাট থানার স্মরণীয়া কারবালার মাঠে ন্যায্যমূল্যের সবজি বাজার শুরু হয়েছে। লকডাউনের জেরে বাজারগুলোতে সামাজিক দূরত্ব বজায় না রেখেই ক্রেতারা ভিড় জমাচ্ছেন। সকাল হতেই মানুষের ঢল নামছে বসিরহাটের বিভিন্ন বাজারে। তাতেই লাফিয়ে লাফিয়ে দাম বাড়ছে লাউ, কাঁচকলা, আলু, পটল, ঢেঁড়স, কাঁচালঙ্কা, উচ্ছে, সজনে ডাঁটা-সহ বিভিন্ন সবজির। বাজার চলে যাচ্ছে সাধারণ গৃহস্থের সাধ্যের বাইরে।
বসিরহাট মহকুমার এই অঞ্চলের বেশিরভাগ মানুষ শ্রমজীবী, শতকরা হিসাবে অন্তত আশি জন। তাঁরা চাল-ডালের জোগান পেলেও সবজি কিনতে পারছেন না। তাই ন্যায্যমূল্যের সবজির বাজার শুরু করেছেন স্থানীয় কয়েক জন। এঁদের মধ্যে রয়েছেন জেলা পরিষদের সদস্য শাহানুর মণ্ডলও।
উদ্যোক্তারা জানান যে এলাকার অধিকাংশ মানুষ কোনও রকমে চাল-ডাল জোগাড় করতে পারছেন তবে তাঁরা সবজি কিনতে পারছে না। দিনে দিনে দাম বাড়ছে সবজির। এই অবস্থায় বিশেষ করে ফড়ে ও দালালরা যাতে সবজির দাম বেশি না নিতে পারেন সেব্যাপারে উদ্যোগী হয়েছেন তাঁরা। সরাসরি চাষিদের থেকে সবজি কিনে সেগুলো বসিরহাটের টাকি রোডের ধারে স্মরণীয়া কারবালার মাঠে তাঁরা বিক্রির বন্দোবস্ত করেছেন।
রীতিমতো প্যান্ডেল বেঁধে মাইকের সাহায্যে প্রচার করে ছোট ছোট স্টল করে তাঁরা নানা রকম সবজি বিক্রি করছেন। দিনে দু’বার এই বাজার বসছে। সকাল সাতটা থেকে দশটা এবং বিকেল চারটে থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত। করোনা সতর্কতা মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে সঠিক দামে ক্রেতারা জিনিস কিনতে পারছেন বলে তাঁদের দাবি। একই সঙ্গে বাজারগুলোতে ভিড় এড়ানোও সম্ভব হচ্ছে।
বিপদের সময় যাতে অসাধু লোকজন কালোবাজারি করতে না পারে সেব্যাপারে এলাকার লোকজন উদ্যোগী হওয়ায় তাঁদের সাধুবাদ জানিয়েছেন খেটে খাওয়া মানুষজন। বাজারে নিরাপদ দূরত্ব বজায় রাখার বন্দোবস্ত থাকাতেও তাঁরা খুশি।