দ্য ওয়াল ব্যুরো: বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চললেও ভারী দুর্যোগের আশঙ্কা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। বরং কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবেই বর্ষণের পুর্বাভাস দিয়েছে আলিপুর। আজ, বুধবার দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলোয় বৃষ্টির তীব্রতা এবং স্থায়িত্ব কিছুটা বাড়তে পারে। কারণ নিম্নচাপ ক্রমশ পশ্চিমে সরে অবস্থান বদল করছে।
দক্ষিণের প্রায় সব জেলাতেই আজ বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই এখানে। মূলত হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আজ কলকাতায় সকালের দিকে মেঘলা আকাশ এবং পরে বেলা বাড়লে আকাশ আংশিক মেঘলা থাকবে। কয়েক দফায় বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে দিনেরবেলায়।
তবে দক্ষিণবঙ্গের ভারী দুর্যোগের আশঙ্কা না থাকলেও উত্তরে আজ এবং আগামীকাল অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। শনিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। নাগাড়ে বৃষ্টির কারণে উত্তরবঙ্গের নদী গুলিতে জলস্তর বাড়তে পারে। সেই সঙ্গে নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কাও রয়েছে। পাশাপাশি উত্তরের উপর দিকের পাহাড়ি জেলা মূলত দার্জিলিং ও কালিম্পঙে ধস নামার আশঙ্কাও রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, মহারাষ্ট্র থেকে সিকিম পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। উত্তরবঙ্গের উপর দিয়ে বিস্তৃত হয়েছে এই নিম্নচাপ অক্ষরেখা। এই নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে উত্তরবঙ্গ এবং উত্তর-পূর্ব ভারতে। তার প্রভাবেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে এইসব অঞ্চলে।
আজ ও আগামীকাল উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিরাপত্তার খাতিরে জারি হয়েছে কমলা সর্তকতা। এছাড়াও দার্জিলিং এবং কালিম্পঙে ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে আজ এবং কাল অর্থাৎ বুধ ও বৃহস্পতিবার। শুক্র এবং শনিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির সর্তকতা দিয়েছে আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরের নিম্নচাপ ক্রমশ সরে গিয়ে এখন ছত্রিশগড়ে অবস্থান করছে। আরও দু'দিন এই নিম্নচাপ অবস্থান বদল করবে। ক্রমশ সরে উত্তরপ্রদেশের দিকে যাবে। বর্তমানে মহারাষ্ট্র থেকে উত্তরবঙ্গ পর্যন্ত এই নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। সঙ্গে দোসর ঘূর্ণাবর্ত। এর প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে ভূ-খণ্ডে। হাওয়া অফিস জানিয়েছে, এখন মৌসুমী অক্ষরেখা ছত্রিশগড়ের নিম্নচাপ এলাকা হয়ে ওড়িশার বারিপদা থেকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আবহাওয়া দফতরের পূর্বাভাস উত্তরবঙ্গের পাশাপাশি আগামী কয়েক দিন সিকিম, অসম, মেঘালয়-সহ উত্তর-পূর্ব ভারতের বাকি রাজ্যেগুলিতে এবং বিহার ও উত্তর প্রদেশ ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ কোঙ্কন উপকূল এবং গোয়াতে।