দ্য ওয়াল ব্যুরো: ক্রমশ অবস্থান বদলাচ্ছে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ। আলিপুর আগেই জানিয়েছিল যে নিম্নচাপ ক্রমাগত পশ্চিম দিকে অগ্রসর হবে এই নিম্নচাপ। আপাতত এর অবস্থান ওড়িশার উত্তর উপকূল বরাবর। মূলত এখন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে রয়েছে এই নিম্নচাপ। যার প্রভাবে ওড়িশার উপকূল সংলগ্ন জেলা এবং দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে আজ বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে বঙ্গোপসাগরে নিম্নচাপ থাকার কারণে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প ঢুকছে উত্তরবঙ্গে। উত্তরের জেলাগুলিতে তাই বৃহস্পতিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে আবহাওয়া দফতর।
দক্ষিণবঙ্গে আজ মূলত বৃষ্টি হবে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর এবং সুন্দরবন এলাকায়। এইসব অঞ্চলে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে। প্রায় সারাদিনই বৃষ্টি হবে, তবে বিক্ষিপ্ত ভাবে। অন্যদিকে উত্তরবঙ্গের মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। কলকাতায় আজ আকাশ থাকবে মেঘলা। বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অত্যধিক হওয়ায় আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে। অর্থাৎ দিনেরবেলায় ভ্যাপসা-গুমোট গরমে হাঁসফাঁস করবেন সাধারণ মানুষ।
আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। গতকাল সন্ধ্যায় শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বনিম্ন ৭৭ শতাংশ এবং সর্বচ্চ ৯৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৩.৩ মিলিমিটার। আজ দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২৭ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বলে জানিয়েছে আলিপুর।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস আজ মূলত দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে মেঘলা আকাশ থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও বর্ষণের স্থায়িত্ব এবং তীব্রতা বেশি হবে না। অর্থাৎ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে। নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল হতে পারে। উপকূলীয় এলাকায় ৪৫ থেকে ৫৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। আর তাই আগামী ২৪ ঘণ্টায় মৎস্যজীবীদের সমুদ্রযাত্রার উপর নিষেধাজ্ঞা রয়েছে।
অন্যদিকে আজ মঙ্গলবার উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা জারি করেছে হাওয়া অফিস। অতি ভারী বৃষ্টির জন্য কমলা সর্তকতা জারি রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরের। মালদাতেও ভারী বৃষ্টির জন্য হলুদ সর্তকতা জারি করেছে আবহাওয়া দফতর। দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারে ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
বুধবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে। আগামীকাল ভারী বৃষ্টি হতে পারে মালদা ও উত্তর দক্ষিণ দিনাজপুরেও। বৃহস্পতি থেকে শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে। এছাড়াও নাগাড়ে বৃষ্টির কারণে উত্তরবঙ্গের নদী গুলিতে জলস্তর বাড়তে পারে। সেই সঙ্গে নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কাও রয়েছে। পাশাপাশি দার্জিলিং ও কালিম্পং-এ ধস নামার আশঙ্কাও রয়েছে।