দ্য ওয়াল ব্যুরো: মাধ্যমিক পরীক্ষা নিয়ে সব বিতর্ক ও অভিযোগের জবাব দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, পরিকল্পনা করে মাধ্যমিক পরীক্ষা ব্যাহত করার চেষ্টা করা হচ্ছে। রাজ্যের প্রশাসন সতর্ক আছে, সাইবার ক্রাইম বিভাগও সতর্ক রয়েছে। কেউ দোষী সাব্যস্ত হলে সরকার তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
মাধ্যমিক পরীক্ষা এখনও পর্যন্ত সুষ্ঠু ভাবে হওয়ার কথা উল্লেখ করে তিনি সন্তোষ প্রকাশ করেন। বিভ্রান্তি থেকে দূরে থাকার জন্য অভিভাবকদের অনুরোধ করেছেন পার্থ চট্টোপাধ্যায়।
মাধ্যমিক নিয়ে গত দু’দিনে বিভিন্ন ভাবে লোকজন বিভ্রান্ত করার চেষ্টা করেছে বলে এদিন মন্তব্য করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, “মানবিক কারণে আমরা কয়েক জনকে হাসপাতাল থেকে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেছি।” নিয়ম ভেঙে মোবাইল ফোন নিয়ে পরীক্ষাকেন্দ্রে যাওয়ার জন্য ১৯ জনকে ধরা হয়েছে। শিক্ষামন্ত্রী বলেন, “এব্যাপারে মধ্যশিক্ষা পর্ষদের যে নিয়ম আছে তা আরও কঠোর করার ভাবনা আমাদের রয়েছে। সাইবার ক্রাইম আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
ফেক রোল নম্বরে পরীক্ষা দেওয়ার অভিযোগে বেশ কয়েক জনকে ধরা হয়েছে। এই বিষয়ে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, “আমরা কোনও রকম শিথিলতা দেখাব না। আমরা কঠোর ব্যবস্থা নেব।”
রাজ্যপালের সঙ্গে আলোচনা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন যে এরাজ্যে শিক্ষার অগ্রগতি সম্বন্ধে তিনি রাজ্যপালকে জানিয়েছেন। রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি নিয়েও তাঁদের মধ্যে কথা হয়েছে।