দ্য ওয়াল ব্যুরো: দিঘায় মৎস্যজীবীদের জালে পড়েল বিশাল এক শংকর মাছ। এই মাছের ওজন ৯০০ কেজি বলে জানিয়েছেন মৎস্যজীবীরা। বিশাল মাপের এই মাছটি দেখতে সকালে স্থানীয় মোহনার মাছের বাজারে ভিড় উপছে পড়ে। মাছটি নিলামে বিক্রি হয়।
গভীর সমুদ্রে মৎস্যজীবীদের জালে ধরা পড়ল দৈত্যাকার একটি মাছ। মাছটি ধরা পড়ার পর জাল সমেত সেটিকে টেনে তুলতে রীতিমতো হিমশিম খেতে হয় মৎস্যজীবীদের। একটি গাড়িতে সেটি ধরছিল না কোনও রকমে গাড়িতে চাপিয়ে সেটিকে দিঘার মোহনার মাছের বাজারে আনা হয়।
এটি শংকর মাছ বলেই জানিয়েছেন স্থানীয় মৎস্যজীবীরা। স্থানীয় এক মৎস্যজীবী এই মাছটি নিলামে কিনে নিয়েছেন। মৎস্যজীবীরা জানিয়েছেন যে এটির ওজন প্রায় ন’শো কেজি। এতবড় মাছ বাজারে আসার আগাম খবর পেয়ে ব্যাপক উৎসাহ ছিল ব্যবসায়ীদের মধ্যেও। সকালে ঘুমচোখ খুলেই অনেকে এখানে হাজির হয়ে যান।
মৎস্যজীবীদের সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার কাঁথির শৌলায় ‘আলআমিন ৩’ নামে একটি ট্রলারের মৎস্যজীবীদের জালে এই বিশালাকায় শংকর মাছ ধরা পড়ে। এই ট্রলারটির মালিক কাঁথির বাসিন্দা জাহেরুন বিবি।
দিঘা মোহানায় কেপিএস বা কালিপদ শ্যামলের কাঁটায় এটি বিক্রি করা হয়। বাজারে এই মাছের চাহিদা রয়েছে বলে মৎস্যজীবীরা জানিয়েছেন।