সৌমিত্র খানের আগাম জামিনের আবেদন খারিজ করল জেলা আদালত
দ্য ওয়াল ব্যুরো: বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খানের আগাম জামিনের আবেদন খারিজ করে দিল বাঁকুড়ার জেলা আদালত। তৃণমূলের সাংসদ ছিলেন সৌমিত্র। দলের বিরুদ্ধে পুলিশ রাজের অভিযোগ করে সদ্য দল ছেড়েছেন তিনি। তার পর মুকুল রায়ের হাত ধরে বিজেপি-তে যোগ দিয়েছ
শেষ আপডেট: 30 January 2019 14:49
দ্য ওয়াল ব্যুরো: বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খানের আগাম জামিনের আবেদন খারিজ করে দিল বাঁকুড়ার জেলা আদালত। তৃণমূলের সাংসদ ছিলেন সৌমিত্র। দলের বিরুদ্ধে পুলিশ রাজের অভিযোগ করে সদ্য দল ছেড়েছেন তিনি। তার পর মুকুল রায়ের হাত ধরে বিজেপি-তে যোগ দিয়েছেন। সৌমিত্র দল ছাড়ার পর পরই তাঁর বিরুদ্ধে বড়জোরা থানায় প্রতারণার মামলা দায়ের হয়েছিল। তাঁর বিরুদ্ধে অভিযোগ, চাকরি দেওয়ার নাম করে তিনি অনেকের কাছ থেকে টাকা নিয়েছেন। সেই সঙ্গে এও অভিযোগ ছিল, পাত্রসায়রে বালি চুরির নেপথ্যে ছিলেন সৌমিত্র।
বুধবার ওই মামলাতেই জেলা ম্যাজিস্ট্রেটের আদালতে আগাম জামিনের আবেদন করেছিলেন বিষ্ণুপুরের সাংসদ। তাঁর আইনজীবীরা অভিযোগ করেন, তাঁকে রাজনৈতিক চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে। কিন্তু বিচারপতি সেই যুক্তি শুনতে চাননি। আগাম জামিনের আবেদন খারিজ করে দেন।
আদালতের ওই রায়ের পর এ দিন সৌমিত্রর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি পুরো রিপোর্ট পাইনি। তবে ওরকমই কোনও রায় হয়েছে শুনেছি। কাল হাইকোর্টে আবেদন জানাবো।”
বিজেপি-তে যোগ দেওয়ার এক দিন আগে ফেসবুক পোস্টে বোমা ফাটিয়েছিলেন সৌমিত্র। তিনি অভিযোগ করেছিলেন, বিষ্ণুপুরের এসডিপিও সুকোমল দাস তাঁকে খুন করার চক্রান্ত করছেন। সেই সঙ্গে এও বলেছিলেন, তাঁর আপ্ত সহায়ককেও ফাঁসানোর চেষ্টা হচ্ছে। আবার সৌমিত্র বিজেপি-তে যোগ দেওয়ার পর দিল্লিতে সাংবাদিক বৈঠক করে মুকুল রায় বলেছিলেন, “এ বার সৌমিত্রকে চোর সাজানো হবে, ওঁর বিরুদ্ধে প্রতারণার মামলা করা হবে, ওঁর আপ্ত সহায়ককে গ্রেফতার করা হবে। কত কী হবে শুধু দেখে নিন।” সাংবাদিক বৈঠকে এ কথা বলার পাশাপাশি সৌমিত্রকে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিংহের কাছেও গিয়েছিলেন মুকুলবাবু। বিষ্ণুপুরের সাংসদকে নিরাপত্তা দেওয়ার জন্য আবেদন করা হয় স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে।
কাকতালীয় ভাবে তার পরদিনই অস্ত্র আইনে গ্রেফতার করা হয় সৌমিত্র-র আপ্ত সহায়ককে। বস্তুত ওই ঘটনার পর থেকে আর বাংলায় আসেননি সৌমিত্র। দিল্লিতেই ছিলেন। কারণ, তাঁর আশঙ্কা ছিল পশ্চিমবঙ্গে ঢুকলেই তাঁকে গ্রেফতার করা হতে পারে। এখন আবার তিনি বলছেন, “আমি দিল্লিতেও নেই।” অনেকের মতে, ইচ্ছা করেই ঠিকানা গোপন করে রয়েছেন সৌমিত্র। কারণ, আগাম জামিনের আবেদন খারিজ হওয়ার পর পুলিশ এখন তাঁকে গ্রেফতার করতেই পারে।
আরও পড়ুন
https://www.four.suk.1wp.in/2019/01/news-state-huge-crowd-in-tmc-rally-in-malda-addressed-by-shuvendu-adhikari-with-mausam-noor/