সাত শবরের মৃত্যু: লালগড়ে মদের ভাঁটি ভাঙতে অভিযানে নামল প্রশাসন
দ্য ওয়াল ব্যুরো, লালগড়: গোটা লালগড় জুড়ে বেআইনি মদের ঠেক ভাঙার অভিযানে নামল জেলা প্রশাসন। লালগড় থানা এবং পশ্চিম মেদিনীপুর জেলার আফগারি দফতর বৃহস্পতিবার সারাদিন ধরে লালগড়ের পূর্ণাপানি, জঙ্গলখাস, ঠাকুরপাড়া, রাঙামাটিয়া, ভীমপুর-সহ ২০টি গ্রামে চো
শেষ আপডেট: 15 November 2018 18:28
দ্য ওয়াল ব্যুরো, লালগড়: গোটা লালগড় জুড়ে বেআইনি মদের ঠেক ভাঙার অভিযানে নামল জেলা প্রশাসন। লালগড় থানা এবং পশ্চিম মেদিনীপুর জেলার আফগারি দফতর বৃহস্পতিবার সারাদিন ধরে লালগড়ের পূর্ণাপানি, জঙ্গলখাস, ঠাকুরপাড়া, রাঙামাটিয়া, ভীমপুর-সহ ২০টি গ্রামে চোলাই মদের ভাঁটিতে অভিযান চালায়। বাজেয়াপ্ত করা হয় ৪৬০ লিটার মদ তৈরির উপকরণ এবং ৬০ লিটার দেশিমদ। বুদ্ধেশ্বর শবর এবং উপেন হাঁসদা নামের দু’জনকে মদ বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ।
ইতিমধ্যেই শবর পাড়ায় মেডিক্যাল ক্যাম্প এবং খাবারের ব্যবস্থা করা হয়েছে জেলা প্রশাসনের তরফে। গত এক মাসে পশ্চিম মেদিনীপুরের লালগড়ে শবর সম্প্রদায়ের সাত জনের মৃত্যুর পর নড়েচড়ে বসে জেলা প্রশাসন। মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয় ধোঁয়াশা। যদিও জেলা শাসক আয়েষা রানি সেই অভিযোগ অস্বীকার করেন। মদ্যপানের কারণে লিভারের অসুখেই যে শবরদের মৃত্যু হয়েছে তা স্পষ্ট করা হয় প্রশাসনের তরফে। নবান্নে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ‘অনাহার’-এর তত্ত্বকে স্রেফ উড়িয়ে দিয়েছেন।

প্রসঙ্গত মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর অশান্ত জঙ্গলমহলকে শান্ত করতে সমান্তরালভাবে দুটি পদক্ষেপ গ্রহণ করেছিলেন। এক, প্রশাসন দিয়ে মাওবাদীদের বিরুদ্ধে অভিযান। এবং দুই, জঙ্গলমহলের মানুষের উন্নয়নের জন্য নানান কর্মসূচি। দু’টাকা কেজি চাল থেকে সবুজসাথী, কন্যাশ্রীর মতো একাধিক সরকারি প্রকল্পকে প্রান্তিক এলাকায় পৌঁছে দেওয়া। কারণ জঙ্গলমহলের মানুষের অনুন্নয়নের সুযোগেই সেখানে মাওবাদীরা নিজেদের সংগঠন বাড়িয়েছিল। মানুষের অভাবকে পুঁজি করেই জঙ্গলমহলকে রক্তাক্ত করত অতিবাম এই শক্তি। শাসক দলের অনেকেই মনে করেন, দিদি সরকারে এসেই এক ঢিলে দুই পাখি মেরে দিয়েছিলেন। কিন্তু সাতজন শবর সম্প্রদায়ের মানুষের মৃত্যুর পর নানান মহল থেকে প্রশ্ন তোলার চেষ্টা হলেও, প্রশাসন যে মোকাবিলায় প্রস্তুত তা মদের ভাঁটির বিরুদ্ধে অভিযান থেকেই পরিস্কার। জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, শুধু লালগড় নয়, গোটা জেলা জুড়েই চলবে এই অভিযান।