দ্য ওয়াল ব্যুরো: সকালে শিক্ষা দফতরের তরফে ঘোষণা করা হয়েছিল, এ বার থেকে কলকাতা বাদে জেলার সব স্কুলের জন্য একটা নির্দিষ্ট মেনু ঠিক করেছে প্রশাসন। সেই মেনু অনুযায়ীই সোমবার থেকে খাবার দেওয়ার নির্দেশ দেওয়া হয় স্কুলগুলিকে। তবে এই নির্দেশিকায় এও জানানো হয়, এই মেনুতে পরিবর্তন করতে পারবেন জেলাশাসক। তারপর থেকেই যেন প্রতিযোগিতায় নেমেছে জেলাগুলি। এক দিকে যখন পূর্ব মেদিনীপুর মিড ডে মিলের তালিকায় মাছ ঢুকিয়েছে, তখন হুগলিতে মিড ডে মিলে রয়েছে মুরগির মাংসও।
হুগলির জেলাশাসকের তরফে যে মেনুর তালিকা পাঠানো হয়েছে, তা এরকম।
প্রাথমিক বিদ্যালয়
সোমবার- ভাত, ডাল, আলু-কুমড়োর তরকারি
মঙ্গলবার- ভাত, সবজি-ডাল, আলু ও সয়াবিনের তরকারি
বুধবার- ভাত, আলুসহ মুরগির মাংস
বৃহস্পতিবার- সবজি খিচুড়ি, সেদ্ধ ডিম ( গোটা ডিম )
শুক্রবার- ভাত, পাঁচ তরকারি, আলু-সয়াবিন তরকারি
শনিবার- ভাত, সবজি-ডাল, ডিমের ঝোল ( গোটা ডিম )
উচ্চ-প্রাথমিক বিদ্যালয়
সোমবার- ভাত, পাঁচ তরকারি, আলু-সয়াবিন তরকারি
মঙ্গলবার- সবজি খিচুড়ি, সেদ্ধ ডিম ( গোটা ডিম )
বুধবার- ভাত, সবজি-ডাল, আলু ও সয়াবিনের তরকারি
বৃহস্পতিবার- ভাত, আলুসহ মুরগির মাংস
শুক্রবার- ভাত, সবজি-ডাল, ডিমের ঝোল ( গোটা ডিম )
শনিবার- ভাত, সবজি-ডাল, আলু ও সয়াবিনের তরকারি
এই নির্দেশিকায় এও বলা হয়েছে, ছাত্র-ছাত্রীদের পরিবেশন করার আগে ভারপ্রাপ্ত শিক্ষক সেই খাবার খেয়ে দেখবেন। যদি খাবার নিয়ে কোনও অভিভাবকের অভিযোগ থাকে, তাহলে তা জানানোর জন্য টোল ফ্রি নম্বরও দেওয়া হয়েছে।
এর আগে শুক্রবার সকালে পূর্ব মেদিনীপুরের জলাশাসকের তরফে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, তাতে মেনু হলো এই রকম-
সোমবার- ভাত, ডাল, আলু-সবজির তরকারি, চাটনি
মঙ্গলবার- ভাত, ডাল, ডিম/ মাছ, চাটনি
বুধবার- ভাত, ডাল, সবজি
বৃহস্পতিবার- ভাত, মাছ/ডিম, সবজি
শুক্রবার- ভাত, ডাল, আলু পোস্ত
শনিবার- ভাত, ডাল, আলু সয়াবিনের তরকারি
কয়েকদিন আগে হুগলি জেলার চুঁচুড়ার বাণীমন্দির স্কুলে মিড ডে মিলে পড়ুয়াদের নুন-ভাত খেতে দেওয়ার ঘটনার পর থেকেই এই মিড ডে মিল সংক্রান্ত অভিযোগ চরমে ওঠে। বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় নিজে স্কুলে গিয়ে বিক্ষোভ দেখান। এই ঘটনা নিয়ে স্কুলের পরিচালন কমিটি, শিক্ষিকা ও প্রশাসনের মধ্যে পারস্পরিক দোষারোপের পালা শুরু হয়। হস্তক্ষেপ করতে হয় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। এই ঘটনার পর পার্থবাবু স্পষ্ট জানিয়েছিলেন, মিড ডে মিল নিয়ে কোনও রকমের অনিয়ম বরদাস্ত করা হবে না। তারপরেই এই মেনু ঘোষণা করল শিক্ষা দফতর।