দ্য ওয়াল ব্যুরো: সাত দফা দাবিতে মঙ্গল ও বুধবার শহরে ট্যাক্সি ধর্মঘটের ডাক দিল বাম শ্রমিক সংগঠন সিটু অনুমোদিত ইউনিয়ন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই দু'দিন রাস্তায় নামবে না ২০ হাজার ট্যাক্সি। সিটুর দাবিকে সমর্থন জানিয়েছে অ্যাপ ক্যাব ওলা ও উবারের চালকরাও। তাঁদের পক্ষ থেকেও বলা হয়েছে ১৫ হাজার গাড়ি বন্ধ থাকবে। ট্যাক্সি এবং ক্যাব মিলিয়ে প্রায় ৩৫ হাজার গাড়ি চলবে না দুদিন। ফলে সপ্তাহের শুরুতেই শহরের রাস্তায় যাত্রী দুর্ভোগের আশঙ্কা।
ট্যাক্সি সংগঠনের দাবি, কোনও চালকের মৃত্যু হলে তাঁর পরিবারকে ৫লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং একজনের চাকরির গ্যারান্টি সরকারকে দিতে হবে। ২০১৯-এর মোটর ভেহিক্যালস অ্যাক্ট বাতিলের দাবি জানিয়েছেন তারা। তাঁদের অভিযোগ, রাস্তায় বেরোলেই পুলিশের লাগামহীন জুলুম চলছে। অবিলম্বে তা বন্ধ করতে হবে। এখন ট্যাক্সিতে উঠলেই ৩০ টাকা দিতে হয় যাত্রীকে। সেটাকে ১০ টাকা বাড়িয়ে ৪০ টাকা করার দাবিও রয়েছে এই সাত দফায়।
অ্যাপ ক্যাব সংগঠনও পুলিশি জুলুমের বিরুদ্ধে। তাদের দাবি, পিকআপ বা ড্রপের সময়ে রাস্তায় দাঁড়ালেই বিনা কারণে কেস দিচ্ছে পুলিশ। টাকা দিলেই ছেড়ে দিচ্ছে।
সিটু ট্যাক্সি ইউনিয়নের নেতা প্রমোদ ঝাঁ বলেন, "পুলিশের জুলুম যে জায়গায় গেছে, তাতে অর্ধেক রোজগার সেখানেই চলে যাচ্ছে। শুধু টাকা খাওয়ার জন্য দাঁড় করিয়ে কেস দিচ্ছে। এটা দিনের পর দিন চলতে পারে না।" তিনি আরও বলেন, "এই দাবিকে সবাই সমর্থন করছে। তাই এটা সিটুর নয়, সব ট্যাক্সি চালকদের ধর্মঘট হয়ে গেছে।"