দ্য ওয়াল ব্যুরো, হুগলি: ৭৪ তম স্বাধীনতা দিবসের দিন বিজেপি ও হিন্দু জাগরণ মঞ্চের কর্মসূচি ঘিরে উত্তেজনা ছড়াল হুগলির দুই জায়গায়। শ্রীরামপুরে বিজেপির মিছিল আটকালো পুলিশ। চুঁচুড়ায় হিন্দু জাগরণ মঞ্চের মিছিলেও কোভিড বিধি লঙ্ঘন করার অভিযোগে বন্ধ করে দেয় পুলিশ। তা ছাড়া জাতীয় পতাকা নিয়েও বিতর্ক তৈরি হয় চুঁচুড়ার মিছিলে।
এদিন শ্রীরামপুর নওগাঁর মোড় থেকে শেওড়াফুলি পর্যন্ত র্যালি করার কথা ছিল ভারতীয় জনতা পার্টির। বিজেপির অভিযোগ, পুলিশ তাতে বাধা দিয়েছে। জোর করে মিছিল নিয়ে এগোতে গেলে বিজেপি কর্মীদের সাথে বচসা বেঁধে যায় পুলিশ কর্মীদের। উত্তেজনা তৈরি হয়। শ্রীরামপুর থানার পুলিশ ৩২ জন বিজেপি কর্মীকে আটক করে থানায় নিয়ে যায়।
অন্য দিকে হিন্দু জাগরণ মঞ্চের মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল চুঁচুড়ার খাদিনামোরে। পুলিশের বক্তব্য, এই মিছিলের কোনও অনুমতি নেওয়া হয়নি। তা ছাড়া এক সঙ্গে কয়েকশো লোক জরো হওয়া এই সময়ে কোনও ভাবেই মেনে নেওয়া যায় মিছিল শুরু হলে আটকে দেয় পুলিশ। খাদিনা মোড়ে ধস্তাধস্তি বেঁধে যায়।
হিন্দু জাগরণ মঞ্চের মিছিলে একটি ৩০০ ফুটের তেরঙ্গা পতাকা ঘিরে বিতর্ক তৈরী হয়েছে। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার বলেন, “এই ধরনের জাতীয় পতাকা ব্যবহার করা যায় না। কারণ জাতীয় পতাকার একটা নির্দিষ্ট মাপ থাকে।” যদিও হিন্দু জাগরণ মঞ্চের দাবি, কোনওরকম জাতীয় পতাকার অবমাননা করা হয়নি।
কোভিডের কারণে এদিন আধ ঘণ্টারও কম সময়ে শেষ হয়ে যায় রেড রোডে রাজ্য সরকারের স্বাধীনতা দিবস উদযাপন। কোভিড পরিস্থিতির কারণে আগেই নবান্নের তরফে বলা হয়েছিল, এবারের অনুষ্ঠান হবে একেবারেই অনাড়ম্বর এবং সংক্ষিপ্ত। এদিন ৭৪ তম স্বাধীনতা দিবসে হয়েছেও তাই। পুলিশের বক্তব্য, রাজ্য সরকারের অনুষ্ঠান যেখানে এত সংক্ষিপ্ত করা হয়েছে তখন এই জিনিস কোনও ভাবেই মেনে নেওয়া যায় না। এখন মানুষের স্বাস্থ্যের বিষয়টিই সবার আগে।